ফ্রান্সের আপিল খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। রাউন্ড অব ১৬-এ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো হলুদ কার্ডের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে ফিফা। ফলে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না ফরাসি এই উইঙ্গার।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ২টায় মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে প্রধান কোচ দিদিয়ের দেশম নিশ্চিত করেন, ওলিসের কার্ড বাতিলের আবেদন গ্রহণ করেনি ফিফা।

প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের শেষদিকে মাতিয়াস গালারজার সঙ্গে বাকবিতণ্ডার সময় হলুদ কার্ড দেখেন ওলিসে। যদিও টেলিভিশন রিপ্লেতে দুই খেলোয়াড়ের মধ্যে উল্লেখযোগ্য শারীরিক সংঘর্ষ দেখা যায়নি। এরপরও রেফারির সিদ্ধান্ত বহাল রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

শুধু ওলিসে নন, ব্র্যাডলি বারকোলা এবং মানু কোনোও একটি করে হলুদ কার্ড দূরে রয়েছেন এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে। ফলে মরক্কোর বিপক্ষে তাদেরও সতর্ক থেকে খেলতে হবে।

তবে ফ্রান্স শিবিরে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। চোট কাটিয়ে মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি অনুশীলনে ফিরতে পারেন বলে জানিয়েছেন দেশম।

এদিকে কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেল্লোকে দায়িত্ব দেওয়ার বিষয়ে কোনো বিতর্কে জড়াতে চাননি ফরাসি কোচ। তিনি বলেন, রেফারিদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং তার পুরো মনোযোগ দলের পারফরম্যান্সের দিকেই।

উল্লেখ্য, ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম এই টুর্নামেন্ট শেষেই জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন। তাই মরক্কোর বিপক্ষে হারলে সেটিই হবে ফ্রান্সের কোচ হিসেবে তার শেষ ম্যাচ।