বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে ডান চোখে আঘাত পান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় মাঠেই প্রাথমিক চিকিৎসা নেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি।
সুইজারল্যান্ড সমতায় ফেরার পর হাইড্রেশন ব্রেকের সময় ঘটনাটি সবার নজরে আসে। আর্জেন্টিনার মেডিকেল স্টাফরা দ্রুত মেসির কাছে ছুটে যান এবং আঘাত পাওয়া ডান চোখে বরফ প্রয়োগ করেন। কিছুক্ষণ পর আবারও মাঠে ফিরে খেলা চালিয়ে যান এই মহাতারকা।
চলতি ম্যাচেও ব্যক্তিগত কীর্তিতে আলো ছড়িয়েছেন মেসি। তার পাস থেকেই আলেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলের পাশে নাম লেখান তিনি।
ম্যাচে আরেকটি ঘটনায় আলোচনায় আসেন মেসি। রেফারি জোয়াও পিনেইরোর কথা বলার ধরন নিয়ে তার সঙ্গে মেসির বিরোধ তৈরি হয়। একপর্যায়ে রেফারির সঙ্গে মুখোমুখি অবস্থানে গিয়ে অসন্তোষ প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক।