বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার দাবিসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় ফুটে ওঠা বিতর্কে আর্জেন্টিনা দলের মতপ্রকাশের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে হোয়াইট হাউস।
স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্স প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আর্জেন্টিনার খেলোয়াড়দের নিজেদের মত প্রকাশের সুযোগ ও অধিকার রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর (ফার্স্ট অ্যামেন্ডমেন্ট) কথা উল্লেখ করে বলেন, 'আমরা যুক্তরাষ্ট্রে বাক্স্বাধীনতায় বিশ্বাস করি।'
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ (ফকল্যান্ড আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। এ ঘটনায় ফিফার রাজনৈতিক বার্তা–সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে দলটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আলোচনা চলছে।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় ফিফার তদন্ত দাবির প্রতি সমর্থন জানিয়েছে। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, 'বিশ্বকাপ আমাদের না-ও হতে পারে, কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই আমাদের। ফকল্যান্ডের প্রতি আমাদের অঙ্গীকার কখনো দুর্বল হবে না।'
তবে সম্ভাব্য শাস্তির বিষয়টি পুরোপুরি ফিফার এখতিয়ার বলেও উল্লেখ করেছে ব্রিটিশ সরকার।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সরকারও ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, তারা এ ঘটনায় হতাশ হলেও বিস্মিত নয়। এক বিবৃতিতে বলা হয়, 'আমরা খেলাধুলায় রাজনীতি দেখতে চাই না। ফিফার নিজস্ব নিয়ম অনুযায়ী এ ধরনের আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।'
দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ২০১৩ সালের গণভোটে দ্বীপটির বাসিন্দাদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ ব্রিটিশ ওভারসিজ টেরিটরি হিসেবেই থাকার পক্ষে ভোট দেন।
এর আগে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়াররুয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, 'ফকল্যান্ড আর্জেন্টিনার। স্টেডিয়ামে ব্যানার নিতে না দিলেও আমরা সেটিকে রক্তে ও হৃদয়ে বহন করি।'
উল্লেখ্য, ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে ৭৪ দিনের যুদ্ধ হয়। সেই সংঘাতে ২৫৫ জন ব্রিটিশ সেনা, ৬৪৯ জন আর্জেন্টাইন সেনা এবং তিনজন দ্বীপবাসী নিহত হন। সূত্র: বিবিসি