স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শিরোপার চেয়েও বেশি মূল্যবান ছিল দীর্ঘ পথচলা, দলের ঐক্য এবং একসঙ্গে লড়াই করার স্মৃতিগুলো।
মেসি লিখেছেন, ‘এই এতগুলো বছরের সবচেয়ে সুন্দর অংশ শুধু শিরোপা নয়, বরং পুরো যাত্রাটাই। প্রতিদিন এই দলের সঙ্গে থাকা, একসঙ্গে লড়াই করা, কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।’
তিনি দলের প্রতিটি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং জাতীয় দলের সঙ্গে প্রতিদিন কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেসির ভাষায়, ‘আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং যারা প্রতিদিন কাজ করে এই দলটিকে একটি পরিবারের মতো ধরে রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’
শেষে ফাইনালের ফল যাই হোক না কেন, বর্তমান দলটি ইতোমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছে বলে মন্তব্য করেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসি বলেন, ‘আগামীকাল যা-ই হোক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ মুছে ফেলতেও পারবে না। এগিয়ে চলো আর্জেন্টিনা।’ সূত্র: মার্কা