বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার লড়াইয়ের আগে দলটির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশ তার হাতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি অফিসিয়াল জার্সি তুলে দেন।
শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, জার্সিটি উপহার দেওয়ার সময় হালকা রসিকতা করে ওয়াহনিশ বলেন, ‘এটাই শেষ জার্সি ছিল, কারণ সব জার্সিই বিক্রি হয়ে গেছে।’
পরে রাষ্ট্রদূত নেতানিয়াহুকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পাঠানো একটি অডিও বার্তা শোনান। সেই বার্তায় মিলেই সমর্থনের জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানান এবং বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতি তার প্রকাশ্য অবস্থানকে স্বাগত জানান।
এর জবাবে নেতানিয়াহু বলেন, তিনি কখনোই আর্জেন্টিনার সমর্থক হওয়ার বিষয়টি গোপন করেননি। তার দাবি, ইসরায়েলের অধিকাংশ নাগরিকও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন।
তিনি বলেন, ‘আমি কখনো লুকাই না যে আমি আর্জেন্টিনার একজন সমর্থক। আমার বিশ্বাস, ইসরায়েলের বেশিরভাগ মানুষও তাই। কারণ প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই আর্জেন্টিনা ও ইসরায়েলের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আমাদের এর চেয়ে ভালো বন্ধু আর নেই। তাই আমরা আর্জেন্টিনাকেই সমর্থন করি।’
রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।