নতুন লুকে ভিনি, কসমেটিক সার্জারিতে পাল্টে গেলো চেহারা

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে নিজের চেহারায় পরিবর্তন এনেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। চিবুকের গঠন আরও সুগঠিত ও ভারসাম্যপূর্ণ করতে তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি কসমেটিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। নতুন এই লুক ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গোইয়ানিয়ায় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলেসান্দ্রো আলারকাওয়ের তত্ত্বাবধানে এই কসমেটিক প্রক্রিয়া সম্পন্ন করেন ভিনিসিয়ুস। এতে বিশেষ ধরনের ফিলার ব্যবহার করে মুখের নিচের অংশ, বিশেষ করে চিবুকের আকৃতি আরও স্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণ করা হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার চিবুকের গঠন নিয়ে সমালোচনা ও নানা মন্তব্যের পরই এমন সিদ্ধান্ত নেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।

অস্ত্রোপচারের পর প্রকাশিত বিভিন্ন ছবি দেখে অনেক ভক্ত বিস্ময় প্রকাশ করেছেন। অনেকের মতে, নতুন লুকে ভিনিসিয়ুসকে আগের তুলনায় বেশ ভিন্ন দেখাচ্ছে।

এদিকে, তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকা সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একটি ছবি প্রকাশ করার পর তাদের সম্পর্ক আবারও জোড়া লাগার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এখনো ভিনিসিয়ুস বা ভার্জিনিয়া কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

এছাড়া ভিনিসিয়ুসের ঘনিষ্ঠ বন্ধু দানিলো নসিমেন্তো ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন, যেখানে নতুন লুকে রিয়াল মাদ্রিদের এই তারকাকে দেখা যায়। পাশ থেকে তোলা ছবিতে তার পরিবর্তিত চিবুকের গঠন স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা এখনও চলমান রয়েছে।

সূত্র: মার্কা