বিশ্বকাপের ফাইনালে হারের বেদনা এখনো কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করার পর নিজ জন্মশহর সান্তা ফে প্রদেশের ছোট্ট শহর পুজাতোয় ফিরেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেখানে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেও তার কণ্ঠে ছিল আত্মসমালোচনার সুর। কোনো অজুহাত নয়, বরং প্রতিপক্ষের শ্রেষ্ঠত্বই স্বীকার করলেন তিনি।
নিজ শহরে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবেগ ধরে রাখতে পারেননি স্কালোনি। ফাইনালের হারের জন্য রেফারিং বা অন্য কোনো বিষয়কে দায়ী না করে তিনি পুরো কৃতিত্বই দিয়েছেন স্পেনকে।
স্কালোনি বলেন, ‘রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। সেটা স্বীকার করতেই হবে। সম্ভবত আমরা ফাইনালে পৌঁছেছিলাম শেষ শক্তিটুকু নিয়েই। এটাই বাস্তবতা। কিন্তু কখনো কখনো এটা মেনে নেওয়াও জরুরি যে প্রতিপক্ষ ভালো ছিল। আমি মনে করি, এটা স্বীকার করতে পারলেই আমরা আরও ভালো দল হয়ে উঠব।’
ফাইনালে পরাজিত হলেও নিজের খেলোয়াড়দের নিয়ে গর্বিত আর্জেন্টাইন কোচ। তার মতে, শুধু জয় নয়, পরাজয়ও মর্যাদার সঙ্গে মেনে নেওয়ার মানসিকতা একটি বড় দলের পরিচয়।
তিনি বলেন, ‘ওরা ভালো ছিল, এটা সত্যি। কিন্তু আমার খেলোয়াড়েরা যা করেছে, তা নিয়ে আমি সব সময় গর্বিত থাকব। জিততে যেমন জানতে হয়, হারতেও তেমনি জানতে হয়। আমরা দেখিয়েছি, কীভাবে সম্মানের সঙ্গে হার মেনে নিতে হয়।’
ফাইনালের পর আর্জেন্টিনা ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি জানান, সেই মুহূর্তে অনুপ্রেরণামূলক কোনো বক্তব্য দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। বরং হতাশাই পুরো দলকে গ্রাস করেছিল।
স্কালোনি বলেন, ‘ফাইনালের পর কী কথা হয়েছে? আমি নয়, অধিনায়ক লিওনেল মেসিই কথা বলেছিল। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু সত্যি বলতে তেমন কিছু বলার ছিল না। দুঃখটাই তখন সবকিছু ছাপিয়ে গিয়েছিল।’
বিশ্বকাপের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার দায়িত্ব নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। এবারও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। জানিয়েছেন, ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকাটা নিশ্চিত হলেও এরপর তিনি দায়িত্বে থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।