ফাইনালে আর্জেন্টিনার হারের পর ‘ষড়যন্ত্র তত্ত্ব’, যা জানা গেলো

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বড় ব্যবধানে হারের পর থেকেই আলোচনা-সমালোচনা আর নানা জল্পনা-কল্পনায় সরগরম ফুটবলাঙ্গন। ফাইনালে মাঠে নামার আগে লিওনেল মেসির বলা একটি কথা এবং ড্রেসিংরুমের ভিডিও ঘিরে তৈরি হয়েছে অদ্ভুত সব ‘ষড়যন্ত্র তত্ত্ব’। তবে এসব ভিত্তিহীন গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন খোদ কোচিং স্টাফরা।

ফাইনালে ৯০ মিনিটে একটি শটও নিতে না পারা আর্জেন্টিনা দলের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মেসিকে সতীর্থদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সবকিছু ভুলে চলো শুধু খেলি।’ এই বক্তব্যকে কেন্দ্র করে দলীয় অন্তর্দ্বন্দ্ব, খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক চাপ ও নানা নেতিবাচক গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে।

তবে এসব তত্ত্বকে স্রেফ অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনির সহকারী রবার্তো ফ্যাবিয়ান আয়ালা। টিওয়াইসি স্পোর্টসকে তিনি জানান, বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। মানুষ কীভাবে এসব কথা বলে তা তার বোধগম্য নয়। ফাইনালে কেবল একটি দল তাদের ছাড়িয়ে গেছে, এর বাইরে অতিরিক্ত কিছু খোঁজার সুযোগ নেই।

এদিকে প্রধান কোচ লিওনেল স্কালোনিও সামাজিক মাধ্যমের এসব জল্পনা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট জানান, তিনি সোশ্যাল মিডিয়া দেখেন না এবং এসব ভিত্তিহীন তত্ত্ব সম্পর্কে তার কোনো ধারণাই নেই। দলের ঐক্য নিয়ে প্রশ্ন তুললে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই ছেলেরা ফাইনালে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে এবং জার্সির প্রতি সম্পূর্ণ নিষ্ঠা দেখিয়েছে।

কোচদের এই দ্ব্যর্থহীন বক্তব্যে স্পষ্ট যে, মাঠের সেই অনাকাঙ্ক্ষিত হারের পর বাইরে রটানো ষড়যন্ত্রের তত্ত্বগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।