বিশ্বকাপ 'বিক্রি'র পরিকল্পনা থেকে সরে আসলেন ইনফান্তিনো

বিশ্বকাপের মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত সেই উদ্যোগ থেকে সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবটি সদস্য ফুটবল ফেডারেশনগুলোর একটি অংশের কঠোর বিরোধিতার মুখে পড়ে।

ফিফার পরিকল্পনা ছিল, বিশ্বকাপসহ সংস্থার বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি নতুন বাণিজ্যিক ইউনিট গঠন করা হবে। ওই প্রতিষ্ঠানের প্রায় ২০ শতাংশ শেয়ার বিক্রি করে ৪২০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য ছিল, যার মাধ্যমে নতুন কোম্পানিটির মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ হাজার কোটি মার্কিন ডলার।

গত মঙ্গলবার প্রথমবারের মতো এই প্রস্তাব প্রকাশ করা হলে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (UEFA) এর তীব্র বিরোধিতা করে। বৃহস্পতিবার উয়েফা ফিফার প্রতিযোগিতা বয়কটের পক্ষেও ভোট দেয়।

এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘ফুটবলের জন্য এত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব গোপনে তৈরি করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং অগ্রহণযোগ্য।’ সংস্থাটি আরও অভিযোগ করে, ফিফা এই পরিকল্পনার মাধ্যমে ফুটবলের ‘আত্মা বিক্রি করে দেওয়ার’ চেষ্টা করেছে।

ক্রমবর্ধমান বিরোধিতার পর শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘সব পক্ষের মতামত মনোযোগ দিয়ে শোনার পর আমরা বুঝতে পেরেছি, এই প্রকল্প এমন বিভাজন তৈরি করেছে, যা সমর্থনের মাত্রা যাই হোক না কেন, আমাদের মূল উদ্দেশ্যের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য সবসময়ই ফুটবলকে ঐক্যবদ্ধ করা এবং আরও উন্নত করা। তাই এই প্রস্তাব আর এগিয়ে নেওয়া হবে না।’

এর আগে শুক্রবারই ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন। পদত্যাগের সময় তিনি এই পরিকল্পাকে ‘ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি’ বলে মন্তব্য করেন।

এদিকে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর অভিযোগ করেন, ইনফান্তিনো সংস্থার কর্মকর্তাদের বিভ্রান্ত করেছেন। তিনি এই পরিকল্পাকে ‘একজন ব্যক্তির প্রকল্প’ বলে অভিহিত করেন।

অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘ফিফার নেতৃত্ব দেওয়ার জন্য ইনফান্তিনো সঠিক ব্যক্তি নন।’