প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজনের লক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী সেপ্টেম্বর মাসজুড়ে দেশব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশ নেওয়ার সুযোগ পাবে। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রসার ঘটানো, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং আনন্দময় শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য নির্ধারিত সংখ্যক অংশগ্রহণের সুযোগ থাকবে।
সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, 'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম ক্রীড়া আয়োজন। এটি শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যাতে সমান সুযোগ পেয়ে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন।' তিনি এ সময় সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়গুলোর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সভায় আরও জানানো হয়, প্রতিযোগিতা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে। এই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এ ছাড়া টুর্নামেন্টকে কেন্দ্র করে মাঠের প্রস্তুতি, নিরাপত্তা, প্রচারণা ও প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, আমরা চাই দেশজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক। প্রধানমন্ত্রী সবসময় বলেছেন, আগামী শিক্ষা ব্যবস্থা এমন হবে যেখানে আমাদের শিক্ষার্থীদের মেধা, মননশীলতা এবং সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে। সে লক্ষ্যেই শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় একযোগে কাজ করে যাবে।
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও জ্যেষ্ঠ কর্মকর্তারা।