ইনফান্তিনোকে দুর্বল করার চেষ্টা চলছে, যা বললো ফিফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দুর্বল করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছে ফিফা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি টেলিগ্রাফ’-এর একটি প্রতিবেদন প্রকাশের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবেদনে দাবি করা হয়, উয়েফার সাধারণ সম্পাদক থাকার সময় ইনফান্তিনোর সঙ্গে এক নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। পরবর্তীতে ওই নারীকে উয়েফা থেকে বড় অঙ্কের বিদায়ি ভাতা দেওয়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ফিফার একজন মুখপাত্র শুরুতেই এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেন।

এরপর এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা জানায়, উদ্দেশ্যপ্রণোদিত জল্পনা ও অনুমানকে কোনোভাবেই তথ্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়।

তবে ইনফান্তিনোকে ঘিরে বিতর্কের বিষয়টি শুধু এই অভিযোগে সীমাবদ্ধ নয়। সম্প্রতি ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব নিয়েও উয়েফাসহ ইউরোপের কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশনের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

বিতর্কিত ওই প্রস্তাবে ফিফার বাণিজ্যিক ও টিকিট স্বত্ব পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ছিল। সেখানে একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে ২১ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাবও রাখা হয়েছিল।

তীব্র বিরোধিতার পর প্রস্তাবটি বাতিল করা হয়। তবে উয়েফা জানায়, ইনফান্তিনোর ওপর তাদের আস্থা কমে গেছে। এমনকি গত শুক্রবার নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সভাপতি লিস ক্লাভনেস ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেন।

এ ছাড়া প্রয়োজন হলে ফিফার বিভিন্ন অনুষ্ঠান ও টুর্নামেন্ট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছে উয়েফা।

এর বিপরীতে শনিবার ফিফা স্পষ্ট জানায়, সদস্য দেশগুলোর ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে ইনফান্তিনো দায়িত্ব পালন করছেন। সংস্থাটির দাবি, কিছু পক্ষ ফিফা ও এর সভাপতির ভাবমূর্তি নষ্ট করতে সংঘবদ্ধভাবে কাজ করছে।

ফিফার ভাষ্য, সদস্য দেশগুলোর সমর্থন না পেয়ে একটি মহল গণতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে মনগড়া অভিযোগ, কুৎসা ও ভুল তথ্য ছড়িয়ে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে।

ইনফান্তিনোর বিরোধিতা মূলত ইউরোপকেন্দ্রিক হলেও বিশ্বের অন্যান্য অঞ্চলের ফুটবল সংস্থাগুলো তার প্রতি সমর্থন জানিয়েছে।

দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এবং মেক্সিকান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২১১ সদস্য দেশের পূর্ণাঙ্গ ভোট ছাড়া ইনফান্তিনোকে সরানোর যেকোনো উদ্যোগ তারা প্রত্যাখ্যান করবে। আফ্রিকার ৫৪টি দেশের ফুটবল সংস্থা নিয়ে গঠিত কাফও ইনফান্তিনোর প্রতি একযোগে সমর্থন প্রকাশ করেছে।

গত বুধবার মরক্কোর রাবাতে বোর্ড সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেন ইনফান্তিনো। বৈঠকে ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম ও ইনফান্তিনোর পক্ষ থেকে বিতর্কিত প্রস্তাবের জন্য দুঃখ প্রকাশ করা হয়। তবে একই সঙ্গে সংস্থার সততা ও সুশাসন নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও জানানো হয়।

ফিফা আরও বলেছে, পরিবর্তন সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তবে সে কারণে সভাপতির গণতান্ত্রিক কর্তৃত্বকে অস্বীকার করা যায় না। গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেও সত্য বিকৃত করে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো মেনে নেওয়া হবে না। ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে ফিফা প্রয়োজনে আইনি ও কঠোর পদক্ষেপ নেবে।