মরোক্কান ফুটবল এজেন্ট সুহাইলা এল তাহিরির সঙ্গে বিবাহের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—সম্প্রতি ছড়িয়ে পড়া এমন খবর সরাসরি অস্বীকার করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস।
সৌদি ভিত্তিক পত্রিকা 'ওকাজ'-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রবার্তো কার্লোস বলেন, ইসলাম ধর্মের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। স্ত্রীর নামাজ পড়ার দৃশ্য দেখতেও আমার ভালো লাগে, কিন্তু আমি ইসলাম গ্রহণ করিনি।
সম্প্রতি তুর্কি এক আইনপ্রণেতা দাবি করেছিলেন যে কার্লোস কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন। এছাড়া নেটদুনিয়ায় একটি ইসলামি বিয়ের অনুষ্ঠানের ছবি ভাইরাল হলে তাঁর ধর্মান্তরিত হওয়ার গুঞ্জন আরও জোরদার হয়।
এই বিষয়ে রবার্তো কার্লোস স্পষ্ট করেন যে, দুই পরিবারের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা পৃথক আঙ্গিকে একাধিক বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যার একটি অনুষ্ঠান ছিল তাঁর ক্যাথলিক পরিবারের জন্য এবং অন্যটি করা হয়েছিল স্ত্রী ও তাঁর মুসলিম বন্ধুদের ধর্মীয় ঐতিহ্য মেনে।
ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপজয়ী ও রিয়াল মাদ্রিদের সাবেক এই কিংবদন্তি লেফট-ব্যাক জানান, ইসলামের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা থাকলেও এটিকে যেন তাঁর নিজস্ব ধর্মীয় বিশ্বাস পরিবর্তনের খবর হিসেবে দেখা না হয়।