আল আহলিকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বার্সেলোনা

আল আহলিকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো হুয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। এক ম্যাচের এই প্রতিযোগিতায় জয় পাওয়ার মধ্য দিয়ে ক্লাবটির ট্রফি সংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে।

২০২৪ সালে মোনাকোর কাছে হারের পর ২০২৫ সালে কোমোকে ৫-০ গোলে হারিয়ে গাম্পার ট্রফি পুনরুদ্ধার করেছিল বার্সেলোনা। এবার আল আহলির বিপক্ষে জয় দিয়ে শিরোপা ধরে রাখল হ্যান্সি ফ্লিকের দল।

ম্যাচটি ছিল ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের জন্য ক্যাম্প ন্যুতে বার্সেলোনার জার্সিতে অভিষেক। নিউক্যাসল থেকে আসা এই ফুটবলার অবশ্য অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারেননি। প্রথম ম্যাচেই একটি পেনাল্টিও মিস করেন তিনি।

বার্সেলোনাকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। পরে আল আহলি একটি গোল শোধ করলেও জয় ধরে রাখে বার্সেলোনা।

এই জয়ের পর আগামী ২৩ আগস্ট লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত দেড়টায় ম্যানুয়েল মার্টিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

গাম্পার ট্রফিতে বার্সার নতুন রিক্রুট রদ্রি খেলেননি। ম্যানচেস্টার সিটি থেকে ৭৬ মিলিয়ন ইউরোর কাছাকাছি মূল্যে চার বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছে কাতালান ক্লাবটি। চলতি গ্রীষ্মে বার্সার এটি পঞ্চম সাইনিং। অন্যদের মধ্যে রয়েছেন অ্যান্থনি গর্ডন, জোয়াও ক্যানসেলো, করিম আদেয়েমি ও জেসে বিসিউ।