বিশ্বকাপের পর মাঠে ফিরে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১–১ গোলে ড্র করা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে না। তবে বাংলাদেশি সমর্থকরা অনলাইন প্ল্যাটফর্ম সনি লিভ ও স্পোর্টজফাই অ্যাপের মাধ্যমে ম্যাচটি দেখতে পারবেন।
প্রথম ম্যাচে ড্রয়ের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ওপর প্রত্যাশার চাপ কিছুটা বেড়েছে। তবে সমালোচনা কিংবা ফলাফল নিয়ে না ভেবে দলের নতুন খেলোয়াড়দের নিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।
দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন আনচেলত্তি। শুধু খেলোয়াড় নয়, কৌশলেও আসতে পারে বদল। প্রথম ম্যাচে ৪–২–৩–১ ছকে খেললেও অনুশীলনে ৪–৩–৩ ফরমেশনে দলকে প্রস্তুত করেছেন তিনি।