রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল

উয়েফা নেশনস লিগে টানা তৃতীয় জয়ের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) ডেনমার্কের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে ম্যাচটি। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় ক্রিস্টিয়ানো রোনালদোর একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা।

পর্তুগালের নতুন কোচ জর্জে জেসুস গত ম্যাচে নরওয়ের বিপক্ষে রোনালদোকে বেঞ্চে রেখেছিলেন এবং ম্যাচ চলাকালে তাঁকে মাঠেও নামাননি। সেই ম্যাচে গনসালো রামোস শুরু থেকেই খেলেন এবং গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রোনালদোর বয়স এখন ৪১ বছর হওয়ায় আন্তর্জাতিক বিরতির ব্যস্ত সূচিতে তার খেলার সময় নিয়েও ব্যবস্থাপনার বিষয়টি সামনে এসেছে।

তবে রোনালদো না খেললেও পর্তুগালের আক্রমণভাগে বিকল্পের অভাব নেই। জোয়াও ফেলিক্স ওয়েলস ও নরওয়ের বিপক্ষে টানা দুই ম্যাচেই গোল করেছেন। নরওয়ের বিপক্ষে রোনালদোর জায়গায় শুরু করা রামোসও গোল করেন এবং আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যা ১২-তে নিয়ে যান।

অন্যদিকে ডেনমার্কের আক্রমণভাগেও রয়েছে রাসমুস হইলুন্দ ও গুস্তাভ ইসাকসেনের মতো খেলোয়াড়। ইসাকসেন শেষ ম্যাচে গোল করে ম্যাচসেরার পারফরম্যান্স দেখিয়েছেন। নাপোলির হয়ে চলতি মৌসুমে দুই গোল করা হইলুন্দও পর্তুগালের রক্ষণভাগের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।

গ্রুপ এ৪-এ দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। প্রথম ম্যাচে ওয়েলসকে ১-০ গোলে হারানোর পর নরওয়ের মাঠে ২-১ ব্যবধানে জয় পেয়েছে তারা। অন্যদিকে ডেনমার্ক তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় তলানিতে রয়েছে। নরওয়ের কাছে প্রথম ম্যাচে ৩-২ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে তারা।

দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৫ সালের মার্চে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে। সেই ম্যাচে পর্তুগাল ৫-২ গোলে ডেনমার্ককে হারায়। পর্তুগালের হয়ে ত্রিনকাও দুটি, রোনালদো ও রামোস একটি করে গোল করেন। ডেনমার্কের হয়ে গোল করেন রাসমুস ক্রিস্টেনসেন ও ক্রিশ্চিয়ান এরিকসেন। একটি গোল ছিল আত্মঘাতী।

পরিসংখ্যানে দুই দলের ১৭ দেখায় পর্তুগালের জয় ১১টি, ডেনমার্কের জয় চারটি এবং ড্র হয়েছে দুটি ম্যাচে। সাম্প্রতিক পাঁচ ম্যাচে ডেনমার্কের ফলাফল জয়, হার, ড্র, ড্র, জয়। পর্তুগালের ফলাফল জয়, জয়, হার, জয়, ড্র।

ম্যাচের আগে ডেনমার্ক কোচ ব্রায়ান রিমার বলেছেন, পর্তুগালের সেরা দল রোনালদোকে নিয়েই। তার মতে, রোনালদোর গুরুত্বকে খাটো করে দেখা ঠিক হবে না এবং তিনি মাঠে থাকলে পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রোনালদোকে নরওয়ের বিপক্ষে না নামানোর সিদ্ধান্তের ব্যাখ্যায় পর্তুগাল কোচ জর্জে জেসুস বলেন, ম্যাচের শেষ আধা ঘণ্টায় রোনালদোকে নামানোর বিষয়ে তার সঙ্গে সমঝোতা হয়েছিল। কিন্তু গনসালো রামোস ভালো খেলছিলেন এবং গোলও করেছিলেন। ফলে ম্যাচের পরিস্থিতিতে রোনালদোকে নামানোর উপযুক্ত সময় আর আসেনি বলে জানান তিনি।

ডেনমার্কের হয়ে প্যাট্রিক দোরগু শেষ ম্যাচের প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ক্লাবে ফিরে গেছেন। চোটের কারণে থাকছেন না আলবার্ট গ্রোনবেকও। অন্যদিকে শারীরিক সমস্যার কারণে পর্তুগালের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসও খেলছেন না।

সম্ভাব্য একাদশে ডেনমার্কের গোলরক্ষক ফিলিপ ইয়র্গেনসেনের সামনে রসমুস ক্রিস্টেনসেন, জোয়াকিম অ্যান্ডারসেন, অলিভার প্রোভস্টগার্ড ও জোয়াকিম মেহলে থাকতে পারেন। মাঝমাঠে মোর্তেন হিউলমান্দ ও পিয়েরে-এমিল হইবিয়ের্গের সঙ্গে গুস্তাভ ইসাকসেন, মিকেল দামসগার্ড ও প্যাট্রিক দোরগুর নাম দেওয়া হয়েছে, আক্রমণে রাসমুস হইলুন্দকে রাখা হয়েছে।

পর্তুগালের সম্ভাব্য একাদশে গোলরক্ষক দিয়োগো কোস্তার সামনে জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা ও নুনো মেন্দেস। মাঝমাঠে রুবেন নেভেস ও ভিতিনিয়া এবং আক্রমণে রাফায়েল লেয়াও, জোয়াও ফেলিক্স, বের্নার্দো সিলভা ও গনসালো রামোসকে রাখা হয়েছে। সূত্র: আলজাজিরা