রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা

পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এই শাস্তি দিয়েছে দেশটির অধিনায়ককে।

গত সেপ্টেম্বরে উয়েফা নেশনস লিগের দলে থাকলেও নরওয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি ৪১ বছর বয়সী রোনালদো। এরপর ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে ম্যাচের একাদশেও তাঁকে রাখা হবে না বলে জানতে পারেন তিনি। এর পরই পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান আল-নাসরের এই ফরোয়ার্ড।

পরে এক দীর্ঘ বিবৃতিতে রোনালদো দাবি করেন, পর্তুগালের কোচ জর্জ জেসুস দুবার কথা দিয়ে কথা রাখেননি। তাঁর ভাষায়, এটি ছিল ‘আস্থার সম্পূর্ণ লঙ্ঘন’।

তবে রোনালদোর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের দিন থেকেই। ফলে ইতিমধ্যে নিষেধাজ্ঞার ১৯ দিন পার হয়েছে। এই শাস্তির কারণে পর্তুগালের কোনো ম্যাচই তাঁকে মিস করতে হবে না।

আগামী ১৪ নভেম্বর নেশনস লিগে আবারও ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। এর তিন দিন পর ওয়েলসের মাঠে খেলতে যাবে দলটি।

এফপিএফের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, শাস্তি নির্ধারণের সময় রোনালদোর বিবৃতিতে প্রকাশ করা অনুশোচনা, ফুটবলে তাঁর অবদান এবং ক্রীড়াক্ষেত্রে অর্জন ও স্বীকৃতির বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের অংশ হিসেবে রোনালদো নিজের জীবনবৃত্তান্তের পাশাপাশি বিভিন্ন পুরস্কার ও অর্জনের বিবরণও জমা দেন।

এ ছাড়া আগের বিবৃতির কথাও শৃঙ্খলা কমিটিকে স্মরণ করিয়ে দেন তিনি। সেখানে নিজের কাজের দায় স্বীকার করে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন রোনালদো। একই সঙ্গে নিজের শাস্তি পাওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি।

পর্তুগালের কোচ জর্জ জেসুস অবশ্য রোনালদোর সঙ্গে কোনো সমঝোতা হয়েছিল বলে অস্বীকার করেছেন। তবে জাতীয় দলে তাঁর ফিরে আসার পথ পুরোপুরি বন্ধ করেননি।

পর্তুগিজ সংবাদমাধ্যম রেকর্ড-কে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা জানিয়েছেন, বিষয়টির সমাধান হলে রোনালদোকে আবার জাতীয় দলে দেখতে ‘জোরালো আগ্রহ’ রয়েছে।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬টি গোল করেছেন। পুরুষ আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ ও গোল—দুই ক্ষেত্রেই বিশ্ব রেকর্ড তাঁর দখলে। তাঁর নেতৃত্বে পর্তুগাল ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং উয়েফা নেশনস লিগের দুটি শিরোপা জিতেছে।

২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেন রোনালদো। সে সময় তাঁর বার্ষিক বেতন ১৭ কোটি ৭০ লাখ পাউন্ড বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। গত বছর ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদও বাড়ান তিনি।

সূত্র: বিবিসি