আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির থাকার পথ আরও সুগম হয়েছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তি নবায়নে সমঝোতায় পৌঁছেছেন বিশ্বকাপজয়ী এই কোচ। তবে নতুন চুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এজেন্সিয়া নোটিসিয়াস আর্জেন্টিনাস জানিয়েছে, স্কালোনির সঙ্গে প্রাথমিকভাবে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের চুক্তি হবে। দুই পক্ষ সম্মত থাকলে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত করা যাবে।

সাম্প্রতিক ফিফা আন্তর্জাতিক বিরতিতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করেন স্কালোনি। নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তার পর দায়িত্ব চালিয়ে যেতে সম্মতি দেন তিনি। চুক্তির আর্থিক শর্তসহ অন্যান্য বিষয়েও সমঝোতা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এএফএ। এর আগে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরুর কথা জানিয়েছিল সংস্থাটি। আগামী কয়েক দিনের মধ্যে অথবা নভেম্বরে আন্তর্জাতিক বিরতির সময় নতুন চুক্তির ঘোষণা আসতে পারে।

নভেম্বরে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে দলটি। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে খেলবে কোস্টারিকার বিপক্ষে।

২০১৮ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নেন স্কালোনি। তাঁর অধীনে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা ও বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। নতুন চুক্তি চূড়ান্ত হলে জাতীয় দলের কোচ হিসেবে তাঁর দায়িত্ব পালনের মেয়াদ এক দশক ছাড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।