১৭ বছরেই যুক্তরাষ্ট্রের ফুটবলে কীর্তি গড়লেন বাংলাদেশি কাভান

বয়স মাত্র ১৭ বছর। অথচ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবলে একের পর এক কীর্তি গড়ছেন কাভান সুলিভান। এবার মেজর লিগ সকারের (এমএলএস) সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

এমএলএসের এই পুরস্কারের জন্য সাধারণত ২২ বছর বা তার কম বয়সী ফুটবলারদের বিবেচনা করা হয়। তবে বয়সের বিচারে অন্যদের অনেক পেছনে ফেলেছেন কাভান। খেলোয়াড়, সংবাদমাধ্যম এবং ক্লাবের কারিগরি বিভাগের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।

মোট ভোটের ৬৫ দশমিক ০৬ শতাংশ পেয়েছেন এই তরুণ। তিনটি ভোটিং বিভাগেই ছিলেন সবার ওপরে। সংবাদমাধ্যমের ভোটে তাঁর পক্ষে পড়েছে ৮০ শতাংশ ভোট। পেশাদার ফুটবলারদের কাছ থেকে পেয়েছেন ৬০ দশমিক ৩৪ শতাংশ সমর্থন।

এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল। একই ক্লাবের আরেক তরুণ ফুটবলার আদ্রি মেহমেতি হয়েছেন তৃতীয়।

এমএলএসে নিয়মিত খেলোয়াড় হিসেবে প্রথম মৌসুমেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন কাভান। ২৯ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৯ বার। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল। সব মিলিয়ে এক মৌসুমে ২৩ গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।

কিশোর ফুটবলার হিসেবে এমএলএসের এক মৌসুমে এত বেশি গোলে অবদান রাখার নজির আগে ছিল না।

এ ছাড়া টানা ১০টি ম্যাচে গোল করা কিংবা সতীর্থদের দিয়ে গোল করানোর কৃতিত্ব দেখিয়েছেন কাভান। কিশোর খেলোয়াড়দের মধ্যে এটিও লিগটির নতুন রেকর্ড।

গত সেপ্টেম্বরে মাসসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাসসেরা হওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। এবার মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়ে সাফল্যের মুকুটে যোগ করলেন আরও একটি পালক।

ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন কাভান। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে জায়গা পান তিনি। দেশটির হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মূল একাদশে নামার কৃতিত্ব অর্জন করেন এই তরুণ।

এরপর ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার রেকর্ডও গড়েন তিনি।

ক্লাব ও জাতীয় দল—দুই জায়গাতেই এমন সাফল্য তাঁকে যুক্তরাষ্ট্রের ফুটবলের অন্যতম আলোচিত তরুণ প্রতিভায় পরিণত করেছে।

কাভানের ফুটবল পরিচয় যুক্তরাষ্ট্রকে ঘিরে হলেও তাঁর পারিবারিক শিকড়ের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ। তাঁর দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছেন। তাঁদের নানি সুলতানা আলম বাংলাদেশি হওয়ায় বাফুফের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছিল তাঁদের।

কাভান অবশ্য জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে। তবে বাংলাদেশের সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে তাঁর প্রতি দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ রয়েছে।

মাঠে নামার সময় কাভানের বুটে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশের পতাকাও দেখা যায়। সঙ্গে থাকে তাঁর পারিবারিক ঐতিহ্যের আরেকটি পরিচয়। দেশের হয়ে না খেললেও বাংলাদেশের প্রতি তাঁর এই আবেগ আলাদা করে নজর কেড়েছে।

২০২০ সাল থেকে এমএলএস সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে। এবারের আসরে ২০০৪ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্ম নেওয়া ফুটবলারদের বিবেচনায় নেওয়া হয়েছিল। কাভানের জন্ম ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর। অর্থাৎ বয়সের কারণে ভবিষ্যতেও আরও কয়েকবার এই পুরস্কারের জন্য বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে তাঁর।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের অবস্থান শক্ত করেছেন এই তরুণ। এবার তাঁর সামনে ইউরোপীয় ফুটবলে পা রাখার সম্ভাবনাও তৈরি হয়েছে।

মাত্র ১৭ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলে রেকর্ডের পর রেকর্ড গড়ে কাভান বুঝিয়ে দিচ্ছেন, ভবিষ্যতে বিশ্ব ফুটবলে বড় নাম হয়ে ওঠার সামর্থ্য তাঁর রয়েছে। আর তাঁর সাফল্যের গল্পে বাংলাদেশের নাম জড়িয়ে থাকায় দেশের ফুটবলপ্রেমীদের কাছেও তিনি হয়ে উঠেছেন বিশেষ আগ্রহের কেন্দ্র।