আফ্রিকান ফুটবলে মরক্কোর দাপট, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর উদ্বেগ

আফ্রিকান ফুটবলে মরক্কোর প্রভাব ও আধিপত্য ক্রমেই বাড়ছে। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা থেকে শুরু করে মহাদেশীয় বড় প্রতিযোগিতার আয়োজক হওয়া এবং ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে প্রস্তুতি—সব মিলিয়ে দেশটি এখন আফ্রিকার ফুটবলে অন্যতম প্রভাবশালী শক্তি। তবে মরক্কোর এই অগ্রগতি নিয়ে মহাদেশের অন্য দেশগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ একে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও পরিকল্পনার সাফল্য হিসেবে দেখছেন, আবার কারও আশঙ্কা, আয়োজক হওয়ার সুযোগ ও ফুটবলের নীতিনির্ধারণী পর্যায়ে প্রভাবের ক্ষেত্রে ভারসাম্য নষ্ট হচ্ছে।

২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফার ৭৭তম কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে দেশটি আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সর্বশেষ দুটি পুরস্কার অনুষ্ঠান আয়োজন করেছে। ২০২৬ সালের বর্ষসেরা আফ্রিকান পুরুষ ফুটবলার নির্বাচনের ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন মরক্কোর তিন খেলোয়াড়—আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ ও ইসমাইল সাইবারি।

কাতারের দোহায় হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও বিনোদন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিচালক কামিল্লা সোয়ার্ট মনে করেন, মরক্কোর বর্তমান অবস্থান দীর্ঘদিনের পরিকল্পনা ও বিনিয়োগের ফল।

তিনি বলেন, মরক্কো দীর্ঘ সময় ধরে ফুটবল উন্নয়নে দক্ষতা ও সক্ষমতা তৈরি করেছে। ২০১০ সালে উদ্বোধন করা মোহাম্মদ ষষ্ঠ ফুটবল একাডেমি এর একটি উদাহরণ। দেশটির এই অগ্রগতি হঠাৎ করে আসেনি।

বিশ্বকাপ আয়োজনের জন্য কয়েকবার আবেদন করেও সফল হয়নি মরক্কো। শেষ পর্যন্ত স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে দেশটি। সোয়ার্টের মতে, আগের ব্যর্থ আবেদনগুলো মরক্কোকে নিজেদের দুর্বলতা চিহ্নিত করতে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করেছে।

তবে সিএএফের বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা বারবার মরক্কোয় আয়োজনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সোয়ার্ট বলেন, কেন এসব আয়োজনের দায়িত্ব মরক্কো পাচ্ছে, তা বোঝা যায়। দেশটির অবকাঠামো ও প্রস্তুতি অন্যদের তুলনায় ভালো। কিন্তু একই সঙ্গে আফ্রিকার অন্য দেশগুলো পর্যাপ্ত আয়োজক হওয়ার সুযোগ পাচ্ছে কি না, সে প্রশ্নও রয়েছে।

সেনেগাল-মরক্কো ফাইনাল ঘিরে বিতর্ক

সিএএফের বিরুদ্ধে মরক্কোকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও উঠেছে। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালকে ঘিরে সেই বিতর্ক আরও জোরালো হয়। ফাইনালে অতিরিক্ত সময়ের পর সেনেগাল ১-০ গোলে মরক্কোকে হারিয়েছিল। তবে ম্যাচের শেষ দিকে মরক্কোর পক্ষে পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। প্রতিবাদ জানিয়ে সেনেগালের খেলোয়াড়েরা সাময়িকভাবে মাঠ ছেড়ে চলে যান।

২০২৬ সালের ১৭ মার্চ সিএএফের আপিল বোর্ড আগের একটি শাস্তিমূলক সিদ্ধান্ত বাতিল করে। আফকনের বিধিমালার ৮২ ও ৮৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, মাঠ ছেড়ে যাওয়ায় সেনেগালকে ফাইনালে পরাজিত ঘোষণা করা হয় এবং মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।

তবে সেনেগালের করা আপিলের পর মঙ্গলবার ক্রীড়া সালিশি আদালত (সিএএস) তাদের পক্ষে রায় দেয় এবং সেনেগালকে আবারও চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেয়।

এই রায়ের আগে কেনিয়ার ক্রীড়া আইনজীবী ও সালিশকারী খায়রান নূর আলজাজিরাকে বলেছিলেন, মরক্কোর অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক অগ্রগতির বিষয়টি একদিকে দেখতে হবে। অন্যদিকে সিএএফের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কতটা স্বচ্ছ এবং সন্দেহের ঊর্ধ্বে, সেটিও নিশ্চিত করতে হবে।

সিএএফের নির্বাহী কমিটি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজক নির্বাচনের ক্ষেত্রে আবেদনকারী দেশগুলোর অবকাঠামো, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় নথিপত্র মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

তবে নূরের মতে, এ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনা প্রয়োজন। আয়োজক নির্বাচনের মূল্যায়ন মানদণ্ড প্রকাশ, স্বাধীনভাবে কারিগরি সক্ষমতা যাচাই, স্বার্থের সংঘাত থাকলে তা প্রকাশ এবং চূড়ান্ত সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করা হলে আস্থা বাড়বে।

তিনি সতর্ক করে বলেন, কোনো দেশের আর্থিক সক্ষমতা যেন সিএএফের ওপর অতিরিক্ত রাজনৈতিক প্রভাব তৈরির সুযোগ না করে। সিএএফের সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সদস্য দেশগুলোর আর্থিক সামর্থ্য যা-ই হোক, সাধারণ পরিষদে প্রত্যেক সদস্য ফেডারেশনের ভোটের অধিকার সমান।

নূরের মতে, মরক্কো তার বিনিয়োগের সুফল পাওয়ার অধিকার রাখে। তবে আফ্রিকার অন্য ফুটবল ফেডারেশনগুলোরও নিজেদের সক্ষমতা প্রমাণের যথেষ্ট সুযোগ থাকা উচিত। সিদ্ধান্ত সঠিক হওয়াই যথেষ্ট নয়, সেই সিদ্ধান্ত যে ন্যায্য প্রক্রিয়ায় নেওয়া হয়েছে, সেটিও প্রমাণ করতে হবে।

বাণিজ্যিক স্বার্থও কি প্রভাব ফেলছে?

বিশ্লেষকদের মতে, মরক্কোর বড় প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পাওয়ার পেছনে বাণিজ্যিক বিবেচনাও রয়েছে। সম্প্রচার স্বত্ব ও পৃষ্ঠপোষকতা থেকে পাওয়া অর্থের ওপর সিএএফ অনেকটাই নির্ভরশীল। তাই প্রতিযোগিতার মান এবং সম্প্রচার ব্যবস্থার উন্নতিও সংস্থাটির আর্থিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

বেনিনে জন্ম নেওয়া ক্রীড়া ব্যবস্থাপনা গবেষক, আন্তর্জাতিক পরামর্শক ও সাবেক পেশাদার খেলোয়াড় জেরার্ড আকিনদেসের মতে, আফ্রিকার বিভিন্ন দেশে ফুটবল অবকাঠামো ও সম্প্রচার ব্যবস্থার মান এক রকম নয়। এ কারণে বড় প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে মরক্কো এগিয়ে থাকছে।

আলজাজিরাকে তিনি বলেন, আফকন থেকেই সিএএফের বড় অঙ্কের আয় আসে। সম্প্রচার প্রতিষ্ঠানের কাছে প্রতিযোগিতাকে আকর্ষণীয় করে তুলতে চায় সংস্থাটি। এর মাধ্যমে আয় বাড়িয়ে নিজেদের কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হয়।

আকিনদেসের মতে, অন্য দেশগুলো যখন প্রতিযোগিতা আয়োজন করতে পারেনি বা আগ্রহ দেখায়নি, তখন মরক্কো দায়িত্ব নিয়েছে। এভাবে কয়েকবার সিএএফকে সংকট থেকে রক্ষা করায় সংস্থাটির সঙ্গে দেশটির সম্পর্ক ও প্রভাব বেড়েছে। তাঁর ভাষায়, এ ধরনের ভূমিকার বিনিময়ে মরক্কো কিছু সুবিধা পেয়ে থাকতে পারে।

‘এটি ষড়যন্ত্রতত্ত্ব’

সিএএফের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় মরক্কোর খেলোয়াড়দের উপস্থিতিও বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগকে উসকে দিয়েছে।

২০২৬ সালের পুরস্কার অনুষ্ঠান আগামী ২ ডিসেম্বর নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত হওয়ার কথা। ২০১৪ সালের পর এবারই প্রথম নাইজেরিয়া এ অনুষ্ঠানের আয়োজক হচ্ছে। তবে পুরুষদের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় কোনো নাইজেরীয় খেলোয়াড়ের নাম না থাকায় সমালোচনা তৈরি হয়েছে। সমর্থকদের অনেকে ভিক্টর ওসিমেন, আদেমোলা লুকম্যান ও ক্যালভিন বাসির মতো খেলোয়াড়দের তালিকায় দেখতে চেয়েছিলেন।

অন্যদিকে মরক্কোর তিন খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন গতবারের বিজয়ী আশরাফ হাকিমি।

সিএএফের স্বীকৃত সাংবাদিক ও ব্রিলা মিডিয়ার সহযোগী আদেনিয়ি আদেবানজোর মতে, মনোনয়ন নিয়ে প্রতিক্রিয়া বিবেচনার সময় খেলোয়াড়দের পারফরম্যান্সের পাশাপাশি ২০২৫ সালের আফকন ফাইনাল ঘিরে সমর্থকদের অসন্তোষও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে শাস্তিমূলক কার্যক্রম পরিচালনা এবং মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণার সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ রয়েছে।

তবে পুরস্কার অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তনের সঙ্গে সেনেগাল-মরক্কো বিরোধের কোনো সম্পর্ক রয়েছে কিংবা ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে—এমন ধারণা নাকচ করেছেন আদেবানজো।

তিনি একে ষড়যন্ত্রতত্ত্ব বলে মন্তব্য করেন। তাঁর মতে, সিএএফ এ ধরনের কোনো কৌশল অবলম্বন করছে বলে তিনি মনে করেন না।

মরক্কোর সাফল্যের পেছনে দীর্ঘমেয়াদি বিনিয়োগ

নাইজেরিয়ার ক্রীড়া শারীরবিদ্যা বিশেষজ্ঞ ও লাগোস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভিক্টর দামিলোলা আদেমোলা গত ১২ মাসে তিনবার মরক্কো সফর করেছেন। তাঁর মতে, ফুটবলের সব পর্যায়ে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের ফলেই মরক্কো সাফল্য পাচ্ছে।

যোগ্যতা থাকা প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে যুক্ত করতেও সফল হয়েছে দেশটি। এতে জাতীয় দলের খেলোয়াড় বাছাইয়ের পরিসর বেড়েছে।

আদেমোলা বলেন, প্রশিক্ষণকেন্দ্র, স্টেডিয়াম ও ক্রীড়া বিজ্ঞানের অবকাঠামো তৈরিতে মরক্কো উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। তরুণ খেলোয়াড়দের উন্নয়নের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। রাবাতের মোহাম্মদ ষষ্ঠ ফুটবল কমপ্লেক্স এর একটি উদাহরণ।

তাঁর মতে, শুধু অবকাঠামো তৈরি করলেই হয় না; খেলোয়াড়দের দক্ষতা, শারীরিক সক্ষমতা, চিকিৎসাসেবা এবং বিভিন্ন বয়সভিত্তিক দলের প্রস্তুতিতে এসব স্থাপনা কতটা কাজে লাগছে, সেটিও গুরুত্বপূর্ণ।

তবে মরক্কোর প্রতিটি সাফল্যকে সিএএফের বিশেষ সুবিধা পাওয়ার প্রমাণ হিসেবে দেখার বিরোধিতা করেন আদেমোলা। তাঁর মতে, মরক্কোর অগ্রগতি থেকে আফ্রিকার অন্য দেশগুলোরও শিক্ষা নেওয়া উচিত। নিজেদের ফুটবল প্রশাসন, আন্তর্জাতিক যোগাযোগ, অবকাঠামো ও খেলোয়াড় উন্নয়নে কোথায় ঘাটতি রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি বলেন, সিএএফ ইচ্ছাকৃতভাবে মরক্কোকে সুবিধা দিচ্ছে—এমন কোনো প্রতিষ্ঠিত প্রমাণ নেই। তবে একই ধরনের অভিযোগ বারবার উঠলে তা খতিয়ে দেখা দরকার, একেবারে উড়িয়ে দেওয়া উচিত নয়। একই সঙ্গে এসব বিতর্ককে নিজেদের দুর্বলতার অজুহাত হিসেবেও ব্যবহার করা ঠিক হবে না।

সূত্র: আল-জাজিরা