আফ্রিকান নেশন্স কাপ

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে মরক্কোর বিদায়

বিশ্বকাপে সেমিফাইনালিস্ট মরক্কোকে স্তদ্ধ করে আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সান পেড্রো স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ২-০ গোলে জয় পায় দক্ষিণ আফ্রিকা। উভয়ার্ধে একটি করে গোল করে তারা। মূল্যবান দুই গোলের নায়ক ইভিডেন্স মাকগোপা ও তেবোহো মোকোয়েনা। সেমিফাইনালে ওঠার লড়াইে তারা শনিবার (৩ ফেব্রুয়ারি) কেপ ভার্দের মুখোমুখি হবে।

আইভরিকোস্টে চলমান টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ছিল মরক্কো। কিন্তু দুর্ভাগ্য তাদের সঙ্গ ছাড়েনি। তাই তো বিশ্বকাপের মতো বড় মঞ্চে সেমিফাইনাল খেলা সত্ত্বেও মহাদেশীয় এই টুর্নামেন্টের শেষ আটেও পৌঁছাতে পারলো না তারা। একাধিকবার ফেবারিট হওয়ার পরও ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত একবারও তারা শিরোপা জয় করতে পারেননি।

৫৭ মিনিটে ইভিডেন্স মাকগোপার গোলে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। মরক্কো ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিল। ০-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় পেনাল্টি পেয়েছিল। কিন্তু আচরাফ হাকিমি সুযোগটি কাজে লাগাতে পারেননি। তার শট ক্রসবারে লেগে মরক্কো সমর্থকদের হতাশায় ডুবিয়ে দেয়।

হাকিমি সুযোগ নষ্ট করায় ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার সামনে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। অবশ্য গত কয়েকটা দশক মাঠের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয় দক্ষিণ আফ্রিকার। ২০০০ সালের পর তারা কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে পারেনি। তবে এবার তাদের সামনে দারুণ এক সুযোগ। কেননা এরই মধ্যে টুর্নামেন্টের দুই হট ফেভারিট মিসর ও মরক্কো বিদায় নিয়েছে।