এল ক্ল্যাসিকো পুনরায় আয়োজনের দাবি জানাবে বার্সেলোনা!

শেষ হয়েছে এল ক্ল্যাসিকো। কিন্তু শেষ হয়নি তার উত্তাপ। বরং এটা যেন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা এই ম্যাচ পুনরায় আয়োজনের দাবি করেছেন। তিনি বলেছেন, লামিনে ইয়ামালের গোলের বিষয়ে ভিএআরের পর্যবেক্ষণে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে ম্যাচটি আবার আয়োজন করা উচিত।

গত রোববার অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে জয় পায়। ম্যাচের প্রথমার্ধে ১-১ গোলে অমীমাংসিত থাকা অবস্থায় লামিনে ইয়ামালের শট রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আন্ড্রিয়া লুনিন ফিরিয়ে দেন। বার্সেলোনার দাবি এটা গোল ছিল। ভিএআর দেখে রেফারি গোল দেননি।

এ গোলটা হলে হয়তো ম্যাচের ফল ভিন্ন রকম হতে পারতো। বার্সেেলোনা ২-১ গোলে এগিয়ে যেত। কিন্তু ইনজুরি সময়ের গোলের সুবাদে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে জয় পায়। লাপোর্তা বলেন, এই ম্যাচে বেশ কয়েকটি বিতর্কিত ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ ছিল লামিনের গোল না পাওয়া। এই গোল পেলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো। ক্লাব হিসেবে আমরা প্রকৃত ঘটনা জানতে চাই।

লাপোর্তা আরো বলেছেন, বার্সেলোনা কর্তৃপক্ষ ওই ঘটনার সব ফুটেজ ও অডিও রেকর্ড স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে চাইবে। সেগুলো নিজেদের মতো খতিয়ে দেখা হবে। যদি এটা প্রকৃত গোল হয় তাহলে আমরা ম্যাচটি পুনরায় আয়োজনের অনুরোধ জানাব। প্রয়োজনে আমরা সব ধরণের আইনি পদক্ষেপ নেব।