লা লিগায় বার্সেলোনার জয়োৎসব অব্যাহত রয়েছে। রোববার অ্যাওয়ে ম্যাচে দলটি ভিয়ারিয়ালকে গোল বন্যায় ভাসিয়েছে। রবার্ট লেভানদোভস্কি ও রাফিনহার জোড়া গোলের সুবাদে তারা ৫-১ গোলে জয় পেয়েছে। বার্সার হয়ে অন্য গোলটি করেন পাবলো টোরে।
এ জয়ের ফলে লিগে শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। ছয় ম্যাচের ছয়টিতে জয় তাদের। পয়েন্ট ১৮। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৪।
ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনা ২-১ গোলে এগিয়ে ছিল। বার্সেলোনার হয়ে দুটো গোলই করেছিলেন লেভানদোভস্কি। ম্যাচের শুরু থেকেই ভিয়ারিয়াল সফরকারী বার্সেলোনাকে চেপে ধরতে চেয়েছিল। যতটা সম্ভব বেশি প্রতি আক্রমণের দিকে মনোযোগী ছিল। তারই সুবাদে তারা সফরকারী দলকে কাঁপিয়ে দিয়েছিল। তিন তিনবার বার্সেলোনার জালে বল ফেললেও তা গোল হিসেবে ধর্তব্য হয়নি। প্রতিবারই অফসাইডের কারণে তা বাতিল হয়।
ভিয়ারিয়ালের প্রথম গোল বাতিল হয় অষ্টম মিনিটে। ইরেমি পিনো গোল করে উৎসবের শুরুতেই দেখেন লাইন্সম্যান পতাকা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ধাক্কা সামলে নিয়ে লেভানদোভস্কির জোড়া গোলে বার্সেলোনা স্বস্তির নিঃশ্বাস ফেলে। জোড়া গোলের মাঝ দিয়ে লেভানদোভস্কি লিগে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন। ছয় ম্যাচ ছয় গোল তার।
পিছিয়ে পড়লেও হাল ছাড়তে রাজি ছিল না ভিয়ারিয়াল। তাইতো লেভানদোভস্কির দ্বিতীয় গোলের তিন মিনিটের মধ্যে তারা ব্যবধান কমায়। এরপর দ্বিতীয়ার্ধে একে একে তিন গোল পায় বার্সেলোনা। লেভানদোভস্কি অবশ্য হ্যাটট্রিকের সম্ভাবনা দেখছিলেন। লামিনে ইয়ামালকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি লেভানদোভস্কি। ২০২২ সালে বার্সায় যোগ দেওয়ার পর দ্বিতীয় হ্যাটট্রিক পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল তার সামনে। কিন্তু পোস্টে মেরে তিনি সুযোগটি নষ্ট করেন।
২০১৭-১৮ মৌসুমের পর এই প্রথম বার্সেলোনা মৌসুমের প্রথম ছয় ম্যাচের ছয়টিতেই জয়ের দেখা পেল। সব মিলিয়ে বার্সেলোনার ইতিহাসে এমন কীর্তি দেখালো অষ্টম বার।