জয় দিয়ে সাফ লড়াই শুরু বাংলাদেশের

সাফ নারী অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল বাংলাদেশ। আজ ভুটানকে ৩-১ গোলে হারিয়ে রাউন্ড রবিন লিগে দারুণ শুরু করেছে লাল-সবুজের মেয়েরা। দলের হয়ে জোড়া গোল করেছেন আলপি আক্তার, আরেকটি যোগ করেন সুরভী আকন্দ প্রীতি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানকে চাপে রাখলেও গোলের দেখা মিলতে সময় লাগে। প্রথমার্ধের যোগ করা সময়ে আরিফা আক্তারের লম্বা পাস থেকে প্রীতি ডিফেন্ডারকে পরাস্ত করে বল জালে জড়ান।

দ্বিতীয়ার্ধে আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামে স্বাগতিকরা। ৫৩তম মিনিটে আলপির শটে ব্যবধান হয় দ্বিগুণ। তবে গোলকিপার মেঘলা রানী রায়ের ভুলে ৬০তম মিনিটে ভুটান ব্যবধান কমায়। কিন্তু ৬৬তম মিনিটে আবারও দৃঢ় জবাব দেন আলপি-কর্নার থেকে তার দ্বিতীয় গোল নিশ্চিত করে বাংলাদেশের জয়।

বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ ভারতের বিপক্ষে, যারা আসরের প্রথম ম্যাচেই নেপালকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে।  শুক্রবারের ম্যাচটি হয়ে উঠবে আসল পরীক্ষার মঞ্চ।

এটি চার দেশের টুর্নামেন্টে, যেখানে আছে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল। খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে। একে অন্যদের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।