‘মানবতার জন্য সেবা’, দশ বছর পরও অম্লান আলির  বার্তা

বিশ্ববিখ্যাত বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলি মৃত্যুর দশ বছর পরও বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে গভীরভাবে বেঁচে আছেন। ক্রীড়াঙ্গনের সীমানা পেরিয়ে মানবিকতা, ন্যায়বিচার ও সেবার প্রতীক হিসেবে তার অবস্থান আজও অটুট।

২০১৬ সালের ৩ জুন দীর্ঘ অসুস্থতার পর তিনি মারা যান। সেই স্মৃতিবিজড়িত দিনটির এক দশক পূর্তিতে যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিলে তাঁর নিজ শহরে এবং বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করা হচ্ছে।

আলি সেন্টার আয়োজিত নানা আয়োজনে উঠে এসেছে তার জীবনদর্শন, যেখানে কেবল রিংয়ের সাফল্য নয়, বরং মানুষের প্রতি সহমর্মিতা ও মানবসেবাই ছিল মূল পরিচয়। তার স্ত্রী লোনি আলি বলেছেন, মোহাম্মদ আলি বিশ্বাস করতেন, মানুষের সেবা করাই এই পৃথিবীতে আমাদের অবস্থানের প্রকৃত মূল্য।

আলির এই বিখ্যাত উক্তি, 'মানবতার সেবাই হলো এই পৃথিবীতে আমাদের অবস্থানের ভাড়া', আজও  নতুনভাবে ব্যাখ্যা করছে প্রজন্ম থেকে প্রজন্ম।

শ্রদ্ধা অনুষ্ঠানে বক্তারা মনে করিয়ে দেন, আলি কেবল একজন চ্যাম্পিয়ন নন, বরং তিনি ছিলেন নাগরিক অধিকার আন্দোলন, শান্তি এবং সামাজিক ন্যায়ের পক্ষে এক দৃঢ় কণ্ঠস্বর।

তাঁর মৃত্যুর এক দশক পরও বিশ্বব্যাপী বিভিন্ন আয়োজন, স্মারক অনুষ্ঠান ও জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে আলির আদর্শকে জীবন্ত রাখার চেষ্টা চলছে। সূত্র: আলজাজিরা