৬৪ বছর পর এশিয়ান গেমস ভলিবলে পদক জিতলো পাকিস্তান

এশিয়ান গেমসে ৬৪ বছর পর ভলিবলে পদক জিতেছে পাকিস্তান। শনিবার (৩ অক্টোবর) জাপানের ওকাজাকি চুও সোওগো পার্ক জিমনেশিয়ামে চীনকে সরাসরি তিন সেটে হারিয়ে পুরুষদের ভলিবলে ব্রোঞ্জ নিশ্চিত করেছে পাকিস্তান। ম্যাচে চীনকে ২৫-১৮, ২৫-১৬ ও ২৫-১৮ ব্যবধানে হারায় তারা।

১৯৬২ সালের জাকার্তা এশিয়ান গেমসের পর এটাই এশিয়ান গেমসে পাকিস্তানের ভলিবলে প্রথম পদক। সেবারও ব্রোঞ্জ জিতেছিল দলটি। দীর্ঘ ৬৪ বছর পর আবারও তৃতীয় স্থান অর্জন করে সেই সাফল্যের পুনরাবৃত্তি করল পাকিস্তানের পুরুষ ভলিবল দল।

চীনের বিপক্ষে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ১৮ পয়েন্ট করেন মুরাদ খান। আফাক খান ও আলি উসমান ফারিয়াদ যোগ করেন ১৪টি করে পয়েন্ট। মুসাওয়ার খান করেন আট পয়েন্ট। মোহাম্মদ হামাদ ও হামিদ ইয়াজমানও দলের জয়ে অবদান রাখেন।

প্রথম সেটের শুরুতে দুই দলই সমানতালে লড়াই করে। ৪-৪ সমতার পর চীন ৭-৪ ব্যবধানে এগিয়ে গেলেও পাকিস্তান দ্রুত ম্যাচে ফিরে আসে। ৯-৯ সমতার পর লড়াই আরও জমে ওঠে। একপর্যায়ে ১৬-১৪ ব্যবধানে এগিয়ে গিয়ে পাকিস্তান নিজেদের আক্রমণ আরও কার্যকর করে তোলে। শেষ পর্যন্ত ২৫-১৮ ব্যবধানে প্রথম সেট জিতে নেয় তারা।

দ্বিতীয় সেটেও ৪-৪ সমতার পর চীন ৭-৪ ব্যবধানে এগিয়ে যায়। তবে পাকিস্তান আবারও ঘুরে দাঁড়িয়ে ৮-৮ সমতায় ফেরে। এরপর ১০-৯ ব্যবধানে প্রথমবার এগিয়ে যাওয়ার পর আর সেই লিড হাতছাড়া করেনি তারা। ধারাবাহিক আক্রমণে ব্যবধান বাড়িয়ে শেষ পর্যন্ত ২৫-১৬ ব্যবধানে সেট জিতে নেয় পাকিস্তান।

দ্বিতীয় সেটে পাকিস্তানের আক্রমণের কার্যকারিতাও ছিল উল্লেখযোগ্য। ৪৪টি আক্রমণের মধ্যে ৩৩টি সফল হয়, যেখানে চীনের ৩৮টি আক্রমণের মধ্যে সফল ছিল ১৭টি। ব্লকেও পাকিস্তান এগিয়ে ছিল ৫-৩ ব্যবধানে।

তৃতীয় সেটে শুরু থেকেই চাপে পড়ে চীন। পাকিস্তান ৬-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর চীন ব্যবধান কমিয়ে ৭-৬ করলেও পাকিস্তান আবারও নিয়ন্ত্রণ নেয়। ১০-৬, ১৫-১২ এবং ১৮-১৪ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান আরও বাড়িয়ে নেয় তারা।

একপর্যায়ে পাকিস্তান ২২-১৭ ব্যবধানে এগিয়ে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে চলে যায়। এরপর চীন মাত্র একটি পয়েন্ট নিতে পারে। শেষ পর্যন্ত ২৫-১৮ ব্যবধানে তৃতীয় সেট জিতে ৩-০ ব্যবধানে ম্যাচ শেষ করে পাকিস্তান।

তৃতীয় সেটেও পাকিস্তানের আক্রমণ ছিল কার্যকর। ২২টি আক্রমণের মধ্যে ১৫টি সফল করে তারা। চীনের ২৬টি আক্রমণের বিপরীতে সফল হয় ১০টি। ব্লকেও পাকিস্তান ছিল এগিয়ে, তারা ছয়টি ব্লক করলেও চীন কোনো ব্লক পয়েন্ট পায়নি।

এর আগে সেমিফাইনালে তিনবারের টানা এশিয়ান গেমস চ্যাম্পিয়ন ইরানের কাছে ৩-০ ব্যবধানে হেরে স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে যায় পাকিস্তান। তবে ব্রোঞ্জের ম্যাচে চীনকে কোনো সেট না হারিয়ে হারিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় দলটি।

এবারের আসরে পাকিস্তানের যাত্রাটিও ছিল উল্লেখযোগ্য। সেমিফাইনালের আগে কাজাখস্তান, উজবেকিস্তান ও ভারতকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিল তারা। শেষ পর্যন্ত চীনের বিপক্ষে সরাসরি তিন সেটের জয় দিয়ে ৬৪ বছর পর এশিয়ান গেমসের ভলিবলে আবারও পদকের দেখা পেল পাকিস্তান। সূত্র: ডন