মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (২০ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ১২ গোলের ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথ সহজ করে নেয় স্বাগতিকরা।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১৭-৫ গোলে এগিয়ে ছিল। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ১৭ গোলের বিপরীতে ১৫ গোল করে তারা। তবে প্রথমার্ধে তৈরি হওয়া বড় ব্যবধান আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। বাংলাদেশের হয়ে আট গোল করে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন মোসাম্মৎ সানজিদা আক্তার।
প্রতিযোগিতায় বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে শুরু করে। তবে পরের ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরে যায় দলটি। ফাইনালে ওঠার জন্য রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে জয় প্রয়োজন ছিল বাংলাদেশের। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে মালদ্বীপকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন আনা আলোনসো ফ্রাগুয়ার শিষ্যরা।
আগামী বৃহস্পতিবার পরিবর্তিত সূচি অনুযায়ী বেলা ৩টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বুধবার দুপুর ২টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মালদ্বীপ খেলবে নেপালের বিপক্ষে।