বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামের পাশে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের পদ্মা জোনের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে বাধার মুখে পড়ে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত ‘তারুণ্যের উৎসব’ সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় খেলা যেমন জমে উঠেছে, তেমনি আবহাওয়ার কারণে কিছুটা ছন্দপতনও ঘটেছে। নির্ধারিত সময়ে সব ম্যাচ শেষ না হওয়ায় অসমাপ্ত খেলাগুলো আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজকরা।
পুরুষ বিভাগে দিনের শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাবনা জেলা ৪৩-৪০ পয়েন্টে সিরাজগঞ্জ জেলাকে পরাজিত করে। এরপর রাজশাহী জেলা নাটোর জেলাকে ৪৩-২৫ পয়েন্টে হারায়। স্বাগতিক বগুড়া জেলা দারুণ পারফরম্যান্স দেখিয়ে দুটি ম্যাচে জয় পায়-প্রথম ম্যাচে চাঁপাইনবাবগঞ্জকে ৩৮-১১ পয়েন্টে এবং দ্বিতীয় ম্যাচে পাবনাকে বড় ব্যবধানে ৫৮-১২ পয়েন্টে পরাজিত করে।
জয়পুরহাট জেলা ৪৫-১৩ পয়েন্টে নওগাঁকে হারালেও, নাটোর জেলা পরে আবার ৪৭-২৩ পয়েন্টে নওগাঁর বিপক্ষে জয় তুলে নেয়। দিনের শেষভাগে সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যকার খেলা বৃষ্টির কারণে ড্র ঘোষণা করা হয়।
নারী বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। জয়পুরহাট জেলা নাটোরকে ২৭-০৬ পয়েন্টে সহজেই পরাজিত করে। অপর ম্যাচে বগুড়া জেলা ৪৩-২৫ পয়েন্টে পাবনাকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।