রাস্তায় আম পড়ে থাকতে দেখে লোভ সামলাতে না পেরে তা কুড়িয়ে নিলেই আপনার পকেট থেকে উধাও হতে পারে প্রায় ৫ লাখ টাকা! দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের এমনই এক কঠোর আইনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে।
সিঙ্গাপুরে বসবাসরত প্রিয়াঙ্কা সিনহা নামে এক ভারতীয় নারী সম্প্রতি এক্স-এ (সাবেক টুইটার) দেশটির এই অদ্ভুত কিন্তু কড়া আইনের কথা শেয়ার করেন। তিনি জানান, সিঙ্গাপুরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ থেকে ফল পাড়া বা নিচে পড়ে থাকা ফল কুড়িয়ে নেওয়াও দণ্ডনীয় অপরাধ। তার এই পোস্ট দেখে নেটিজেনদের রীতিমতো চোখ কপালে ওঠার অবস্থা।
সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রণালয়ের (এমএনডি) নিয়ম অনুযায়ী, রাষ্ট্রীয় জমিতে লাগানো প্রতিটি গাছ এবং তার ফল সবই রাষ্ট্রের সম্পদ। এসব দেখভালের দায়িত্ব ‘ন্যাশনাল পার্কস বোর্ড’-এর (এনপার্কস)।
‘পার্কস অ্যান্ড ট্রিস অ্যাক্ট’ অনুযায়ী, যদি কেউ সরকারি জায়গা থেকে বিনা অনুমতিতে ফল সংগ্রহ করে, তবে তাকে ৫ হাজার সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৮২ হাজার টাকা) পর্যন্ত জরিমানা করা হতে পারে। অপরাধের মাত্রা বা স্থানভেদে এই কঠোরতা আরও বাড়তে পারে। যদি এই কাজ কোনো সংরক্ষিত প্রাকৃতিক এলাকা বা জাতীয় উদ্যানে করা হয়, তবে জরিমানার পরিমাণ ৫০ হাজার ডলার (প্রায় ৪৮ লাখ টাকা) পর্যন্ত হতে পারে অথবা ৬ মাসের জেলও হতে পারে।
আলোচনার একপর্যায়ে এক নেটিজেন মজা করে জানতে চান, যদি কোনো পোষা কুকুর আম কুড়িয়ে আনে তবে কী হবে? এর জবাবে জানানো হয়, সিঙ্গাপুরের আইন অনুযায়ী পোষা প্রাণীকে তার মালিকের অংশ হিসেবেই গণ্য করা হয়। ফলে প্রাণীটি ফল কুড়ালে আইনিভাবে ধরে নেওয়া হবে যে মালিকই তাকে দিয়ে এই কাজ করিয়েছেন এবং সাজা মালিককেই ভোগ করতে হবে।
পরিচ্ছন্নতা ও জনশৃঙ্খলার জন্য সিঙ্গাপুরের সুনাম বিশ্বজোড়া। ক্ষুদ্র এই দেশে সামান্য একটি আম কুড়ানোর জন্য এমন বিশাল অঙ্কের জরিমানার বিধানই বলে দেয় কেন দেশটি এত সুশৃঙ্খল। সূত্র: এনডিটিভি