যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি বিড়াল ২৯টি পায়ের আঙুল নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। বিড়ালটির নাম এরেবাস অ্যানোমালি (Erebus Anomaly)। এটি একটি মেইন কুন জাতের বিড়াল।
এরেবাসের পায়ের আঙুল গুনে মোট ২৯টি পাওয়া গেছে, যা স্বাভাবিক গৃহপালিত বিড়ালের তুলনায় ১১টি বেশি। এ কারণেই সে বিড়ালের মধ্যে সবচেয়ে বেশি আঙুলের নতুন বিশ্বরেকর্ড গড়েছে।
এরেবাসের মালিক কেন্ড্রা ভ্যান্ডেনব্লুমার ও হান্টার নেট। তারা ব্লু নর্দার্ন মেইন কুনস নামে একটি বিড়াল প্রজনন ব্যবসা পরিচালনা করেন। জন্মের পরই এরেবাসের অস্বাভাবিক সংখ্যক আঙুল দেখে তারা ধারণা করেছিলেন, বিড়ালটি হয়তো রেকর্ড গড়তে পারে।
বিড়ালের অতিরিক্ত আঙুল থাকার বিষয়টিকে পলিড্যাকটিলি (Polydactyly) বলা হয়। এটি একটি জেনেটিক বৈশিষ্ট্য, যার কারণে বিড়ালের স্বাভাবিকের চেয়ে বেশি আঙুল নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে। মেইন কুন জাতের বিড়ালের মধ্যে এ বৈশিষ্ট্য তুলনামূলকভাবে বেশি দেখা যায়। তবে এরেবাসের ২৯টি আঙুল এখন পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে বেশি।
এর আগে বিড়ালের সবচেয়ে বেশি আঙুলের রেকর্ড ছিল ২৮টি। কানাডার জেক নামের একটি বিড়াল ২০০২ সালে এই রেকর্ড গড়েছিল। চলতি বছর যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি পরিবারের টবি নামের বিড়ালও ২৮টি আঙুল নিয়ে সেই রেকর্ড স্পর্শ করেছিল।
তবে এবার এক আঙুল বেশি নিয়ে সেই রেকর্ড ভেঙে দিল এরেবাস। ফলে অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্যের এই বিড়ালটি এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় বিশেষ জায়গা করে নিয়েছে।