যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে হাঙরের ভয়াবহ হামলার শিকার এক ডুবুরি প্রাণে বেঁচেছেন তার বন্ধুর সাহসী উদ্যোগে। হাঙরের আক্রমণে গুরুতর আহত বন্ধুকে উদ্ধারে কোনো দ্বিধা না করে পানিতে ঝাঁপ দেন নৌকার ক্যাপ্টেন জ্যাকব জনসন। ঘটনাটি ঘটে ফ্লোরিডার এমেরাল্ড কোস্ট থেকে প্রায় ৩০ মাইল দূরে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনের শেষ ডাইভে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি একটি বুল শার্কের আক্রমণের শিকার হন। হাঙরটি তার দুই বাহুতে গুরুতর কামড় দেয়।
জনসন জানান, প্রথমে বন্ধুর চিৎকার শুনে তিনি ভেবেছিলেন, হয়তো ছোটখাটো কোনো দুর্ঘটনা ঘটেছে। কিন্তু নৌকার পাশে গিয়ে পানিতে প্রচুর রক্ত দেখতে পান। আহত ব্যক্তি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে নিজে নৌকায় উঠতে পারছিলেন না। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে নিজের নিরাপত্তার কথা না ভেবেই পানিতে ঝাঁপ দেন জনসন। তিনি দ্রুত বন্ধুর ডাইভিং সরঞ্জাম খুলে দেন এবং তাকে নৌকার দিকে ঠেলে তুলে আনেন।
এরপর নৌকায় থাকা অন্যরাও উদ্ধারকাজে যোগ দেন। প্রচুর রক্তক্ষরণ বন্ধ করতে তারা ক্ষতস্থানে রক্তপাত নিয়ন্ত্রণের পাউডার ব্যবহার করেন এবং তাৎক্ষণিকভাবে হাতে থাকা উপকরণ দিয়ে অস্থায়ী টুর্নিকেট তৈরি করেন। জনসন আহত বন্ধুকে সাহস দিয়ে বলেন, তুমি আমার সামনে রক্তক্ষরণে মারা যাবে না। আহত ব্যক্তিকে জীবিত ও সচেতন রাখতে বন্ধুরা তার সঙ্গে কথা বলতে থাকেন। পরে কোস্টগার্ড এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং আকাশপথে চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।
চিকিৎসকদের মতে, হাঙরের কামড়ে তার এক বাহুর একটি ধমনি ছিঁড়ে যায় এবং অন্য বাহুতেও বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। ইতোমধ্যে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকেরা আশা করছেন, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
ঘটনার পর জনসন তার বন্ধু ও পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেছেন। তবে বন্ধুর জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল পানিতে ঝাঁপ দেওয়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘নায়ক’ হিসেবে প্রশংসা করা হচ্ছে।