মিসরের নীল নদের বদ্বীপে মাটি ও পানিতে ভেজা মাটির কয়েকটি স্তরের নিচে ২ হাজার ৬০০ বছরের পুরোনো একটি বিশাল স্থাপনার সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতাত্ত্বিকেরা। এই আবিষ্কার থেকে প্রাচীন মিসরীয়দের উন্নত নির্মাণকৌশলের প্রমাণ পাওয়া গেছে। অস্থিতিশীল মাটি ও ভূগর্ভস্থ পানির প্রভাব থেকে ভবন রক্ষায় তারা এসব কৌশল ব্যবহার করতেন।
নীল নদের বদ্বীপের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান টেল এল ফারাইনে এ স্থাপনার সন্ধান পাওয়া যায়। এ জন্য উপগ্রহচিত্র, দূর অনুধাবন প্রযুক্তি এবং মাটির নিচে বৈদ্যুতিক জরিপ চালানো হয়। অ্যাক্টা জিওফিজিকা সাময়িকীতে প্রকাশিত এক বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে, গবেষকেরা ইউরোপীয় ইউনিয়নের সেন্টিনেল-১ উপগ্রহের তথ্য ব্যবহার করেন। রাডার প্রযুক্তির সাহায্যে এই উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠে সামান্য পরিবর্তনও শনাক্ত করতে পারে।
এই প্রযুক্তির মাধ্যমে বুটো এলাকার একটি প্রত্নতাত্ত্বিক ঢিবির নিচে মাটির তলায় অস্বাভাবিক একটি কাঠামোর অস্তিত্ব শনাক্ত করা হয়। এর দৈর্ঘ্য প্রায় ১২৮ মিটার এবং প্রস্থ ৬২ মিটার। পরবর্তী জরিপে ওপরের স্তরগুলোতে টলেমীয় ও রোমান যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। তবে মাটির তিন থেকে ছয় মিটার গভীরে মাটির ইট দিয়ে তৈরি একটি বড় স্থাপনার সন্ধান মেলে। গবেষকদের ধারণা, এটি মিসরের ২৬তম রাজবংশের সময়ের। এ সময়কাল সাইতে যুগ নামেও পরিচিত, যা খ্রিষ্টপূর্ব ৬৮৮ থেকে ৫২৫ সাল পর্যন্ত বিস্তৃত ছিল।
স্থাপনাটি কী কাজে ব্যবহৃত হতো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গবেষকেরা মনে করছেন, এটি সমাধি, পুরোহিতদের আবাসস্থল অথবা ধর্মীয় অনুষ্ঠান ও আচার-অনুষ্ঠান পালনের কোনো স্থাপনা হয়ে থাকতে পারে। প্রাথমিক খননে স্থাপনাটির পুরু মাটির ইটের দেয়ালের অস্তিত্ব নিশ্চিত হয়েছে। এ সময় বেশ কিছু প্রত্নবস্তুও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে উশাবতি মূর্তি। প্রাচীন মিসরীয় সমাধিতে মৃত ব্যক্তির পরকালে সেবা করার জন্য এসব মূর্তি রাখা হতো।
এছাড়া খোদাই করা নালা ও শুকনো অবশিষ্টাংশসহ একটি চুনাপাথরের বেদি পাওয়া গেছে। এসব অবশিষ্টাংশে পশুর রক্তের চিহ্ন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি থোথের সঙ্গে সম্পর্কিত চকচকে প্রলেপ দেওয়া একটি ছোট সিরামিকের বেবুন মূর্তিও উদ্ধার করা হয়েছে। প্রাচীন মিসরীয়দের কাছে থোথ ছিলেন জ্ঞান ও প্রজ্ঞার দেবতা। আবিষ্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি পাওয়া গেছে মাটির ছয় থেকে সাত মিটার গভীরে। সেখানে স্থাপনাটির ভিত্তির নিচে পরিষ্কার বালুর একটি পুরু স্তর শনাক্ত করেছেন গবেষকেরা।
সূত্র: গাল্ফ নিউজ