হোয়াটসঅ্যাপে আসছে প্রিমিয়াম সেবা, মিলবে যেসব সুবিধা

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার তাদের ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা চালু করতে যাচ্ছে।

‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামের এই সেবার মাধ্যমে নির্দিষ্ট ফি বা অর্থের বিনিময়ে ব্যবহারকারীরা বেশ কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য আগের মতোই বিনামূল্যে অ্যাপটি ব্যবহারের সুযোগ থাকছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের মূল মালিক প্রতিষ্ঠান মেটা বর্তমানে নির্দিষ্ট কিছু অঞ্চলে এই নতুন সেবার পরীক্ষা চালাচ্ছে। মূলত যারা তাদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও বৈচিত্র্যময় করতে চান, তাদের কথা মাথায় রেখেই এই সাবস্ক্রিপশন মডেলটি আনা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ প্লাস-এর বিশেষ ফিচারসমূহ:

কাস্টমাইজেশন: প্লাস ভার্সন ব্যবহারকারীরা চ্যাটের জন্য পছন্দমতো থিম বা ডিজাইন বেছে নিতে পারবেন। এছাড়া মেসেজ অ্যালার্টের জন্য আলাদা রিংটোন ও নোটিফিকেশন টোন সেট করার সুবিধাও থাকছে।

অধিক চ্যাট পিন: সাধারণ সংস্করণে মাত্র ৩টি চ্যাট পিন করে রাখার সুযোগ থাকলেও, প্রিমিয়াম গ্রাহকরা গুরুত্বপূর্ণ ২০টি চ্যাট তালিকার শীর্ষে পিন করে রাখতে পারবেন।

স্বয়ংক্রিয় নবায়ন: এই সেবাটি মাসিক সাবস্ক্রিপশন ভিত্তিক হবে। অর্থাৎ ব্যবহারকারী যদি গুগল প্লে স্টোরের মাধ্যমে এটি বাতিল না করেন, তবে প্রতি মাসে নির্দিষ্ট ফি স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে।

প্রযুক্তি বিশ্লেষক সাইট ওয়াবেটাইনফো-র দেওয়া তথ্যমতে, ইউরোপে এই সেবার জন্য মাসে ২.৪৯ ইউরো এবং মেক্সিকোতে ২৯ ডলারের মতো খরচ হতে পারে। তবে বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এর খরচ কত হবে, তা এখনও নিশ্চিত করেনি মেটা। পরীক্ষামূলকভাবে এখন অনেককেই এক মাসের জন্য বিনামূল্যে এটি ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালে হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়ার পর দীর্ঘ ১০ বছর পর আবারও বাড়তি সেবার বিনিময়ে অর্থের পথে হাঁটছে প্রতিষ্ঠানটি।