ইনস্টাগ্রামে অন্যের ছবি পোস্ট করছেন? সাবধান...

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যারা অন্যের ছবি বা ভিডিও কোনো পরিবর্তন ছাড়াই নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন, তাদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে মেটা। প্ল্যাটফর্মটিতে মৌলিক বা অরিজিনাল কনটেন্টকে উৎসাহিত করতে এবং কপি করা পোস্টের দৌরাত্ম্য কমাতে নিজেদের ‘রেকমেন্ডেশন অ্যালগরিদম’ বা সুপারিশ পদ্ধতি ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের এক প্রতিবেদন অনুযায়ী, নতুন এই পরিবর্তনের ফলে এখন থেকে অরিজিনাল কনটেন্ট ব্যবহারকারীদের কাছে বেশি পৌঁছাবে (রিচ বাড়বে) এবং কপি করা ছবি বা পোস্টের প্রচার কমিয়ে দেওয়া হবে।

মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, কোনো অ্যাকাউন্ট থেকে যদি এমন রিলস, ফটো বা ক্যারোসেল (একাধিক ছবিওয়ালা পোস্ট) শেয়ার করা হয় যা ব্যবহারকারী নিজে তৈরি করেননি কিংবা তাতে উল্লেখযোগ্য কোনো সৃজনশীল পরিবর্তন আনেননি, তবে নতুন দর্শকদের কাছে সেই অ্যাকাউন্টের কোনো পোস্ট সুপারিশ বা ‘সাজেস্ট’ করা হবে না।
মেটার এই পদক্ষেপ মূলত সেই সব ‘অ্যাগ্রিগেটর’ বা সংগ্রাহক অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে, যারা অন্যের কষ্টার্জিত কনটেন্ট স্রেফ কপি করে নিজেদের ফলোয়ার বাড়ায়।

এই নতুন নিয়ম মিম পেজ, ফ্যান পেজ কিংবা আলোচনাধর্মী অ্যাকাউন্টগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ এসব পেজ সাধারণত অন্যের কনটেন্ট ব্যবহার করেই তাদের কার্যক্রম চালায়। মেটা তাদের পরামর্শ দিয়েছে, অন্যের কনটেন্ট ব্যবহারের ক্ষেত্রে নিজস্ব এডিটিং, ভয়েসওভার বা গ্রাফিক্স যোগ করে সেটিকে ‘মৌলিক’ কিছু হিসেবে উপস্থাপন করতে।

মেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, স্রেফ ওয়াটারমার্ক বসানো বা মূল নির্মাতাকে ‘ক্রেডিট’ দেওয়ার মতো ‘অল্প পরিশ্রমের এডিট’ বা কাজকে মৌলিক কনটেন্ট হিসেবে গণ্য করা হবে না।

কনটেন্ট নির্মাতারা তাদের অ্যাকাউন্টের রিচ বা প্রচার কেন কমে যাচ্ছে, তা জানতে ইনস্টাগ্রামের ‘অ্যাকাউন্ট স্ট্যাটাস’ ফিচারটি ব্যবহার করতে পারবেন। যদি কেউ মনে করেন মেটার অ্যালগরিদম ভুলবশত তার অরিজিনাল পোস্টের রিচ কমিয়ে দিয়েছে, তবে সেখানে সরাসরি ‘আপিল’ বা আবেদনের সুযোগও থাকছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে কপি-পেস্ট সংস্কৃতি বন্ধ হবে এবং সৃজনশীল কনটেন্ট নির্মাতারা তাদের প্রাপ্য গুরুত্ব পাবেন।