ফেসবুকের ডেস্কটপ সংস্করণ বন্ধ

কারিগরি বিভ্রাটের কবলে পড়ে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণ (Desktop Version)। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাধারণ ব্যবহারকারীরাও কম্পিউটার বা ল্যাপটপ থেকে প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ব্যবহারকারীদের অভিযোগ, দুপুর থেকে ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে লগ-ইন করা যাচ্ছে না। অনেকেই জানিয়েছেন, ফেসবুকের ওয়েবসাইট লোড হতে দীর্ঘ সময় নিচ্ছে এবং হোম ফিড আপডেট হচ্ছে না। বিশ্বব্যাপী ওয়েবসাইটের বিভ্রাট নজরদারি প্রতিষ্ঠান ‘ডাউন ডিটেক্টর’ (Downdetector)-এর তথ্যেও ফেসবুকের এই সাময়িক অচলাবস্থার সত্যতা উঠে এসেছে।


ডাউন ডিটেক্টরের লাইভ ট্র্যাকিং চার্ট অনুযায়ী, আজ রোববার দুপুর দেড়টা (১৩:৩০ মিনিট) থেকে ফেসবুকের ডেস্কটপ সেবা ব্যবহারে বিঘ্ন ঘটার বিষয়ে ব্যবহারকারীরা অভিযোগ জানাতে শুরু করেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই অভিযোগের সংখ্যা নাটকীয়ভাবে কয়েক গুণ বেড়ে যায়। তবে ফেসবুকের মোবাইল অ্যাপ সংস্করণে ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছেন কি না, কিংবা মেটার পক্ষ থেকে এই কারিগরি ত্রুটির সুনির্দিষ্ট কারণ ও সমাধানের সময়সীমা সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।