৫ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো সোনার দাম। এবার ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা দাম কমিয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নতুন দাম নির্ধারণের পর আবার বিকেলেই সোনার দাম পরিবর্তন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনকে (বাজুস)। এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে এক লাফে ভরিপ্রতি ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন দাম কার্যকরের পর বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আবারও দাম পরিবর্তন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়ের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।