১০ টাকার নতুন নোটের ডিজাইনে যা থাকছে

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ এবং ‘গ্রাফিতি–২০২৪’–এর শিল্পকর্ম সংবলিত নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসসহ পর্যায়ক্রমে অন্যান্য শাখা থেকেও এই নতুন নোট ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এই নোটটিতে আধুনিক নান্দনিকতা ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। নোটটির আকার ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার এবং এতে গোলাপি রঙের আধিক্য রয়েছে।

নোটের সম্মুখভাগের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার চিত্র রয়েছে। তবে এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে নোটের পেছনভাগ, যেখানে স্থান পেয়েছে ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতিবহ ‘গ্রাফিতি–২০২৪’–এর শিল্পকর্ম।

উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে নোটে রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ, ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’, এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করা হয়েছে। এছাড়া ২ মিলিমিটার চওড়া একটি রং পরিবর্তনশীল নিরাপত্তা সুতা যুক্ত করা হয়েছে, যা নোট নাড়াচাড়া করলে লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হবে। এছাড়াও এতে সি-থ্রু ইমেজ ও মাইক্রোপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও স্পষ্ট করেছে যে, নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই সচল ও বৈধ থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার বিশেষ নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে। তবে এই নমুনা নোটগুলো সাধারণ কেনাকাটায় বিনিময়যোগ্য নয়।