সঞ্চয়পত্রের অতিরিক্ত কেটে নেওয়া উৎসে কর ফেরতের উদ্যোগ সরকারের

সঞ্চয়পত্রের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। গত জানুয়ারি মাসে মুনাফা থেকে অতিরিক্ত যে উৎসে কর কেটে রাখা হয়েছিল, তা গ্রাহকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসের মুনাফার সঙ্গেই এই অর্থ গ্রাহকদের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিয়ম অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর ৫ শতাংশ উৎসে কর ধার্য থাকে। কিন্তু গত জানুয়ারি মাসে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে হঠাৎ করেই গ্রাহকদের মুনাফা থেকে ১০ শতাংশ হারে কর কেটে নেওয়া হয়। এতে সঞ্চয়পত্রের ছোট বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা তৈরি হয়।

বিষয়টি নজরে আসার পর গত ৩ ফেব্রুয়ারি এনবিআর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে একটি চিঠি দেওয়া হয়। সেখানে স্পষ্ট করা হয় যে, ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে করের হার ৫ শতাংশই থাকবে।

এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, অতিরিক্ত কর ফেরত দেওয়ার বিষয়ে বর্তমানে সিস্টেমে কাজ চলছে। তিনি আশ্বস্ত করেছেন যে, কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবেন না এবং যাদের অতিরিক্ত অর্থ কাটা হয়েছে, তারা সবাই তা ফেরত পাবেন।

সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক ড. রওশন আরা বেগম এনবিআরের নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।