চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রমজান উপলক্ষে ১৮ কোটি মানুষকে জিম্মি করতেই চট্টগ্রাম বন্দরে ধর্মঘট চলছে বলে মনে করেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে কিছু লোক। কিন্তু চট্টগ্রাম বন্দর সচল রাখতে হার্ডলাইনে আছে সরকার। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারাই বাধা দেবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
এম সাখাওয়াত হোসেন বলেন, রমজান উপলক্ষে ১৮ কোটি মানুষকে জিম্মি করতেই এ ধর্মঘট চলছে। আন্দোলনকারীরা যেসব দাবিদাওয়া করছে তা মানার মতো না। কিন্তু রমজানকে সামনে রেখে যে কোনো মূল্যে চট্টগ্রাম বন্দর সচল রাখা হবে।
তিনি আরও বলেন, চুক্তির বিষয়ে আরও সময় চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে ডিপি ওয়াল্ড। র্নির্বাচনের পরেও এ বিষয়ে আলোচনা চলবে।
জানা যায়, চার দফা দাবিতে আজ রোববার সকাল ৮টায় চট্টগ্রাম বন্দরে ধর্মঘট শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা এ ধর্মঘটের কর্মসূচির কারণে বন্দরের জেটি ও বহির্নোঙরে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে।