দেশের অর্থনীতিতে সুবাতাস বইয়ে দিচ্ছে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সাত দিনেই দেশে ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৯ হাজার ৬৭৪ কোটি ৬০ লাখ টাকা।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এবার একই সময়ে ১৩ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৬৮৪ কোটি টাকা বেশি এসেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সে ইতিবাচক ধারা বজায় রয়েছে। জুলাই ২০২৫ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২০ দশমিক ২২৬ বিলিয়ন (২ হাজার ২২ কোটি ৬০ লাখ) ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে এসেছিল ১৬ দশমিক ৬১৭ বিলিয়ন ডলার। সে হিসাবে অর্থবছরের এই সময়ে রেমিট্যান্সের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ দশমিক ৭ শতাংশ।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে প্রবাসীরা ৩ দশমিক ১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলারের বিশাল অংকের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। প্রবাসী আয়ের এই ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।