আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ছুটি চলাকালীন জনসাধারণের নগদ অর্থের চাহিদা মেটাতে সব বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথ সচল রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, নির্বাচনি ছুটির সময় গ্রাহকরা যাতে নগদ টাকা তুলতে কোনো সমস্যায় না পড়েন, সেজন্য এটিএম (ATM), সিআরএম (CRM) এবং পয়েন্ট অব সেল (POS) নেটওয়ার্ক সার্বক্ষণিক সচল রাখতে হবে। একই সাথে বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত মেরামতের জন্য বিশেষ কারিগরি টিম প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপত্তার স্বার্থে নির্বাচনের এই ছুটির সময় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর বা আইবিএফটি (IBFT) সেবাটি সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে এটিএম থেকে টাকা তোলা বা কার্ডের মাধ্যমে কেনাকাটায় কোনো বাধা থাকবে না। এছাড়া সাইবার আক্রমণ ও হ্যাকিং রোধে ব্যাংকগুলোর আইটি সিস্টেমে বিশেষ নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিং বা এমএফএস (MFS) সার্ভিসের মাধ্যমে অস্বাভাবিক বা বড় অঙ্কের লেনদেন হচ্ছে কি না, সেদিকে কঠোর নজর রাখতে বলা হয়েছে। কোনো ধরনের সন্দেহজনক লেনদেন নজরে এলে তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানোর জন্য ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। মূলত অর্থের অবৈধ ব্যবহার রোধ এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।