টানা ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ব্যাংক বন্ধ থাকার কথা থাকলেও, শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা ও উপশাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত দেশব্যাপী নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। নির্বাচন ও ছুটির কারণে ব্যাংকিং সেবা দীর্ঘ সময় বন্ধ থাকলে জ্বালানি তেল ক্রয়ে ডিলারদের সমস্যার সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কায় নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার যেসব ও শাখা খোলা থাকবে:

পূবালী ব্যাংক পিএলসি: নারায়ণগঞ্জের ফতুল্লা শাখা, খুলনার খালিশপুর শাখা, দিনাজপুরের পার্বতীপুর শাখা, রংপুরের শাপলা চত্বর শাখা, চট্টগ্রামের আগ্রাবাদ শাখা, চাঁদপুরের চাঁদপুর প্রধান শাখা, ঝালকাঠির ঝালকাঠি শাখা, বরিশালের বরিশাল শাখা, কিশোরগঞ্জের ভৈরব বাজার শাখা এবং সিলেটের বড়ই কান্দি শাখা।

উত্তরা ব্যাংক পিএলসি: খুলনার খালিশপুর শাখা।

জনতা ব্যাংক পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।

ওয়ান ব্যাংক পিএলসি: দিনাজপুরের পার্বতীপুর উপশাখা।

উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন ব্যাংক বন্ধের ঘোষণা ছিল। তবে বিশেষ প্রয়োজনে উল্লিখিত শাখাগুলো শনিবার সীমিত পরিসরে লেনদেন চালিয়ে যাবে।