আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সূচি ঘোষণা করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। যথারীতি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রমজান মাস শেষ হওয়ার পর অফিস সময়সূচি পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে।
দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠিয়ে অবিলম্বে তা কার্যকর করতে বলা হয়েছে। সাধারণত রমজানে জনভোগান্তি কমাতে এবং ইবাদতের সুবিধার্থে প্রতি বছরই অফিস সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়।