রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে দেশে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান লক্ষ্য হলো নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা। বিশেষ করে রমজানে এই দায়িত্বের গুরুত্ব অনেক বেশি। আমরা দায়িত্ব নেওয়ার পর সময় কম থাকলেও বর্তমানে যে পরিমাণ মজুত রয়েছে, তা বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট।’

সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতাহারে আমি সিলেটের জীবনমান উন্নয়নের যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে কাজ শুরু করেছি। সিলেটে কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতের প্রসার এবং একটি আধুনিক ‘এআই সেন্টার’ (AI Center) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।’

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পার্শ্ববর্তী দেশগুলো এআই এবং ডিজিটাল স্কিমে অনেক এগিয়ে গেছে। সরকারি কর্মকর্তাদের এআই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে যাতে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে না থাকে।

সিলেটে বিনিয়োগ ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে লাল ফিতার দৌরাত্ম্য কমানো এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের, যার বাস্তবায়ন খুব শীঘ্রই দৃশ্যমান হবে।