দুই দফা কমার পর বাড়লো সোনার দাম, কার্যকর আজ থেকেই

টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে টানা দুই দফায় সোনার দাম কমানো হয়েছিল, তবে বিশ্ববাজার ও স্থানীয় চাহিদার প্রেক্ষিতে আবারও ঊর্ধ্বমুখী হলো মহামূল্যবান এই ধাতুর বাজার।