দেশের বাজারে সোনার দাম বাড়ার রেশ কাটতে না কাটতেই এবার রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক লাফে রুপার দাম ভরিতে ৩৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য নির্ধারণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই সারাদেশে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।
বাজুসের নতুন তালিকা অনুযায়ী, সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন দাঁড়িয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৪১০ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর সিলভার বা রুপার সরবরাহ ও আন্তর্জাতিক বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, একই দিনে সোনার দামও বাড়িয়েছে বাজুস। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকায় বিক্রি হচ্ছে।