ফেব্রুয়ারির ২১ দিনেই এলো ২৩০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স 

দেশের রেমিট্যান্স বা প্রবাসী আয়ে বড় ধরনের ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২১ দিনেই দেশে ২৩০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) এর পরিমাণ প্রায় ২৮ হাজার ১৫৭ কোটি ৬০ লাখ টাকা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২০.৬ শতাংশ। ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৩০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি মাসের শুরু থেকেই রেমিট্যান্সের গতি বেশ ভালো। ২১ দিনে ২৩০৮ মিলিয়ন ডলার আসা আমাদের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত।

ব্যাংক খাতের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু (জুলাই) থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২ হাজার ১৭৪ কোটি ১০ লাখ (২১.৭৪ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ অর্থবছরের হিসেবে এখন পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে ২১.৬ শতাংশ।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসেও রেমিট্যান্সের রেকর্ড লক্ষ্য করা গেছে। ওই মাসে প্রবাসীরা ৩১৭ কোটি ডলার (৩.১৭ বিলিয়ন) দেশে পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ ও ডলারের দাম স্থিতিশীল থাকায় প্রবাসী আয় বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।