ফেব্রুয়ারির ২২ দিনেই এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে দেশে প্রবাসী আয়ের পালে হাওয়া লেগেছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (প্রায় ২.৪৮ বিলিয়ন ডলার)। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে ১১ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের ফেব্রুয়ারি মাসের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯৩ কোটি ডলার। সেই তুলনায় এ বছর বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

পরিসংখ্যান বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২ হাজার ১৯১ কোটি (২১.৯১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এটি ২২ দশমিক ৫০ শতাংশ বেশি। এর আগে গত জানুয়ারি মাসে দেশে ৩১৭ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ মাসিক আয়। আর গত ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়।

রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা সম্পর্কে অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দামের সমন্বয় এবং প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠানোর আগ্রহ বাড়ায় রিজার্ভ ও অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে গত নভেম্বর থেকে প্রতি মাসেই রেমিট্যান্স আড়াই বিলিয়ন ডলারের উপরে অবস্থান করছে।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা ছিল বাংলাদেশের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড। বর্তমান গতিধারা অব্যাহত থাকলে এই অর্থবছরে সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।