এলপি গ্যাসের দাম কমলো 

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম কমানোর এই নতুন ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।

বিইআরসি জানায়, ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৫৬ টাকা থেকে ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা করা হয়েছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি এলপিজির দাম শেষবার সমন্বয় করা হয়েছিল, তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছিল।

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম সহনীয় রাখতে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থানীয় ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করে নেয়। এর বদলে শুধু আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। কর কাঠামোর এই পরিবর্তনের ফলেই এবার এলপিজির দাম কমানো সম্ভব হয়েছে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২৮ পয়সা কমিয়ে মূসকসহ ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এর আগে অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা।

জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে বিইআরসি নিয়মিত বিরতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম সমন্বয় করে থাকে।