এবার বিশ্ববাজারে সোনার দরপতন

তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছানোর পর বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মূ্ল্যবান ধাতুর দাম ১ শতাংশেরও বেশি কমেছে। একই সঙ্গে রূপার দামও কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা ২৭ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ১.১ শতাংশ কমে ৫ হাজার ১৭২.১১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে চারটি পরপর সেশনে সোনার দাম বেড়ে ৫ হাজার ২৪৯ ডলারে পৌঁছেছিল, যা গত ৩০ জানুয়ারি পর থেকে সর্বোচ্চ।

এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার গোল্ডের দাম একই সময়ে আউন্সপ্রতি ০.৬ শতাংশ কমে ৫ হাজার ১৯১.৫০ ডলারে লেনদেন হয়েছে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার মার্কিন ডলারের দাম ০.২ শতাংশ বেড়ে বিদেশী ক্রেতাদের জন্য সোনা ও রুপার মতো পণ্যগুলো আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। মার্কেটপালস-এর বিশ্লেষক জেইন ভাওদা বলেছেন, ‘দাম প্রায় ৫ হাজার ২৪৯ ডলারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভালো লাভের আশায় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাড়িয়েছে, যা সোনার দর পতনে ভূমিকা রেখেছে। অন্য কারণটি সম্ভবত ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক ঘোষণা, যা শুল্ক সংক্রান্ত বিষয়ে কিছুটা স্পষ্টতা প্রদান করেছে।’

অন্যদিকে সোমবার দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর মঙ্গলবার স্পট সিলভারের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৮৭.৯৪ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট প্ল্যাটিনামের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্সে ২,১৪৯.০৪ ডলার এবং প্যালাডিয়ামের দামও ০.২ শতাংশ কমে ১,৭৩৯.৬৯ ডলারে লেনদেন হয়েছে।

সূত্র: রয়টার্স