দেশের অর্থনীতিতে সুবাতাস বইছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার (২.৭৯ বিলিয়ন)। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে প্রায় ১১ কোটি ১৭ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের ফেব্রুয়ারি মাসের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২ হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি।
এর আগে গত জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসের একক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ। আর গত ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড। বর্তমান গতিধারা বজায় থাকলে চলতি অর্থবছর শেষে সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।